স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: ‘আমি ইসলামিক দল এবং ইসলামিক সংগঠনের যারা আলেম আছেন সকলের সহযোগীতা চেয়েছি। মহানগরীর ১৮’শ মসজিদের খতিব, সারে ৪’শ কওমী মাদ্রাসার শিক্ষক এবং তাবলীগ জামাতে মুরব্বীরা নিজ নিজ অবস্থান থেকে আমাকে নৌকা মার্কায় সমর্থন দিয়ে প্রচারণা চালাচ্ছেন। আমাকে ভোট দেন, নৌকাকে ভোট দেন। আমি ক্লিন এবং গ্রীন সিটি উপহার দিতে চাই। সবাইকে একটি বাসযোগ্য শহর দিতে চাই।’ আজ শুক্রবার চান্দনা চৌরাস্তা জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদ আঙিনায় মুসল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম।
আওয়ামী লীগ মেয়র প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলমের পক্ষে আলেম ওলামা, স্কুল কলেজ বিশ^বিদ্যায়ের শিক্ষক, চাকুরীজীবি, শ্রমিক, সাধারন খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, নারী, যুবক সর্বস্তরের মানুষ প্রচারণায় ব্যস্ত। গাজীপুর সিটিতে নৌকার পক্ষে জাহাঙ্গীর আলম সকল শ্রেণীর মানুষকে নিয়ে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন। একইসাথে আওয়ামী লীগ ও বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিজ নিজ প্রার্থীও পক্ষে প্রচারণায় গিয়ে যখনই মুখোমুখি হচ্ছেন নিজেদের মধ্যে কুশল বিনিময় করতে দ্বিধা করছেন না। এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখেদেশ বিদেশের নির্বাচন পর্যবেক্ষক এবং ডিপলোমেটগণ নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করছেন। আশার আলো দেখতে পাচ্ছেন ভোটারগণ। সবাই অপেক্ষ করছেন একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের।
জাহাঙ্গীর আলমের প্রচারণা
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ছয়দানার নিজ বাসভবনে তাবলীগ জামাতের মুরব্বীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি মুরব্বীদের দোয়া এবং সকলকে নিয়ে একটি পরিকল্পিত নগরী গড়ার লক্ষ্যে ২৬ জুন নির্বাচনে সহযোগীতা এবং ভোট প্রার্থনা করেন।
পরে তিনি মহানগরীর ১৩নং ওয়ার্ডের কলাবাগানে পথসভায় প্রথম বক্তব্য রাখেন। এরপর ২০নং ওয়ার্ডের মজলিশপুর, ২১নং ওয়ার্ডের বিপ্রবর্থা, ২২নং ওয়ার্ডের এ বাংলাবাজার, ২৩নং ওয়ার্ডের খালপাড়ায় পথসভায় ভোটারদের সহযোগীতা ও ভোট প্রার্থনা করেন। পরে তিনি চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
বিকেলে জাহাঙ্গীর আলম সালনা বঙ্গবন্ধু কৃষি বিশ^বিদ্যালয় ফটকের সামনে পথসভার মাধ্যমে দ্বিতীয় দফা প্রচারণা শুরু করেন। পরে ১৬নং ওয়ার্ডের আক্তার মার্কেট, ১৮ নং ওয়ার্ডের টিএন্ডটি রোড, শাপলা ম্যানশন ও অনুপম সুপার মার্কেটের সামনে পথসভায় যোগ দেন।
এসব পথসভায় জাহাঙ্গীর আলম বলেন, এখানকার সমাজ ব্যবস্থায় সব শ্রেণী পেশার মানুষের প্রয়োজন আছে। আমি সবার জন্য কাজ করতে চাই। আলেম ওলামা, স্কুল- কলেজ বিশ^বিদ্যায়ের শিক্ষক, চাকুরীজীবি, শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, নারী, যুবক, শিশু সবার উপযোগী একটি প্যাকেজ তৈরী করেছি। আমাকে নৌকা মার্কায় একটি ভোট দেন। আমি আপনাদের সাথে নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি পরিকল্পিত শহর গড়ে তুলবো।
প্রচারণায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শুক্রবার সকাল থেকে দলীয় প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পথসভা এবং গণসংযোগ করেন। তিনি মেয়র প্রার্থীর সঙ্গে একত্রে চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এসময় কেন্দ্রীয় নেতা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ছাত্রলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন নগরীর ২৬নং ওয়ার্ডে দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করেন। ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আখতার হোসেন বোখারী মহানগরীর ৪০, ৪১ নং ওয়ার্ডের পূবাইল এলাকায় গণসংযোগ করেন।

বিএনপি’র মনোনীত প্রার্থী হাসান সরকারের প্রচারণা
নগরীর ৩১নং ওয়ার্ডে হাসান উদ্দিন সরকারের ধানের শীর্ষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন যুবদলের সাবেক সভাপতি এরবার্ট পি কস্তা, ৯নং ওয়ার্ডে বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ৪০ ও ৪২নং ওয়ার্ডে বিএনপির ভাইস চেয়ারম্যান ও পেশাজীবী নেতা ডা, এজেড এম জাহিদ হোসেন, ২৩ নং ওয়ার্ডে বিএনপির কেন্দ্রীয় কমিটির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ৫নং ওয়ার্ডে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, ৩৯নং ওয়ার্ডে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ২৭ নং ওয়ার্ডে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ২৮ ওয়ার্ডে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম, ৩১নং ওয়ার্ডে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, ১৩ নং ওয়ার্ডে বিএনপি কেন্দ্রীয় নেতা এমরান সালেহ প্রিন্স।
