Skip to content

গাজীপুরে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই চক্রের সাত সদস্য আটক

বাংলাভূমি ডেস্ক:
কে কখন ব্যাংকে মোটা অঙ্কের টাকা জমা দেবে, তার খবর নিত চক্রটি। পরে সংগঠিত ছিনতাইকারী বাহিনীটি সুযোগ বুঝে টাকা ছিনতাই করত। বাঁধা পেলে অস্ত্র দিয়ে গুলি ছুড়ে টাকা নিয়ে পালিয়ে যেত। এভাবে গাজীপুর জেলার চান্দনা চৌরাস্তা এলাকায় গত ১৩ মে রবি ও বিকাশের দুই এজেন্টকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই করে চক্রটি। সেই চক্রের সাত সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র‌্যাব-১-এর উপ-অধিনায়ক মো. রাকিবুজ্জামান।

আটক হওয়া ব্যক্তিরা হলেন সাগর বারুই (৩৫), মো. রুবেল (৩৫), মো. বাবুল বাবু (৩৬), মো. আনোয়ার হোসেন (৩৫), স্বপন মাহমুদ (৪৯), মো. ইউসুফ আলী (২৮) ও মো. আনোয়ার হোসেন (২৮)।

রাকিবুজ্জামান বলেন, গত ১৩ মে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার উনিশে টাওয়ারের নিচে রবি ও বিকাশের এজেন্ট মো. আসাদুর রহমান আসাদ (২৮) ও ইকবাল হোসেনকে (৩৯) গুলি করে ১৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় একই প্রতিষ্ঠানের সুমন নামের একজন কর্মী আহত হন। ছিনতাইয়ের ঘটনা তদন্ত শুরু করে র‌্যাব।

রাকিবুজ্জামান আরও বলেন, ওই ছিনতাইকারী চক্র রাজধানীর উত্তরার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা ছিনতাই করার উদ্দেশ্যে একত্র হয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে র‌্যাবের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় ছিনতাইকারী চক্রের ওই সাত সদস্যকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি বিদেশি রিভলবার, ১৬টি গুলি, দুটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ও ২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের দলনেতা সাগর বারুই বলে জানান তাঁরা। গাজীপুরে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

র‌্যাব জানায়, আটক হওয়া সবাই সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন। আগে থেকেই একটি ছিনতাইকারী দলের সঙ্গে ছিলেন সাগর। সেই দলের নেতা আনোয়ার গত বছর আশুলিয়ায় পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হলে সাগর ছিনতাইকারী চক্রটির নেতৃত্ব দিতে শুরু করেন। তিনি এর আগে ডাকাতি ও ছিনতাই মামলায় দুবার জেলে যান এবং প্রথমবার সাত মাস ও দ্বিতীয়বার দুই মাস জেল খেটে জামিনে বেরিয়ে আসেন। জেলে থাকাকালে সাগরের সঙ্গে ছিনতাইকারী চক্রের অপর সদস্য আনোয়ার হোসেন ও কয়েকজনের সঙ্গে পরিচয় হয় এবং তিনি তাঁদের তাঁর সঙ্গে যোগদানের কথা জানান। জেল থেকে বের হয়ে সাগর অনেকগুলো ছিনতাইয়ে অংশ নেন। এ ঘটনায় আটক সাতজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় র‌্যাব।

সৌজন্যে: প্রথম আলো

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫