স্টাফ রিপোর্টার ॥ যাত্রী অপ্রতুলতার কারণে হজফাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুধু ফাইট বাতিল নয় কমযাত্রীর কারণে কয়েক হাজার আসনও খালি গেছে বিমানের।
সম্প্রতি সচিবালয়ে ২০১৩ সালের হজযাত্রী পরিবহন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানানো হয়। এ সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী।
সভার কার্যবিবরণীতে বলা হয়, ২০১৩ সালে মোয়াল্লেম ফি জমাদানকারী মোট হজ এজেন্সি ৬২৮টি। এছাড়া ভিসাপ্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা ৮৭ হাজার ৫শ’ জন। এসব হজযাত্রীর মধ্যে ৪৩ হাজার ৫শ’ জনকে পরিবহণ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ৪৩ হাজার ৫শ’ জনকে বহন করবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।
সভায় নির্দিষ্ট তারিখ উল্লেখ করে জানানো হয়, ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত যাত্রী অপ্রতুলতার কারণে বিমান ৫টি হজফাইট বাতিল করতে বাধ্য হয়। এছাড়া কিছু কিছু হজফাইটে কিছু আসন খালি নিয়েই ফাইট পরিচালনা করতে হয়।
ফাইট বাতিল ও কমযাত্রীর কারণে এ পর্যন্ত বিমানের ৩ হাজার ১৪০টি আসন খালি গেছে। এখন পর্যন্ত ব্যাকলগ না থাকলেও যদি এ অবস্থা চলতে থাকে তাহলে অচিরেই ব্যাকলগ তৈরি হবে এবং মারাত্মক আসন সঙ্কট সৃষ্টি হবে বলেও সভায় জানানো হয়।
সভায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার জানান, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ এয়ারলাইন্সের টিকিটের জন্য আসছে না। কখনো কখনো ট্রাভেল এজেন্সিগুলোর মালিকরা ওয়ানওয়ে টিকিট দাবি করে থাকেন ফলে সৌদি এয়ারলাইন্সকে কয়েকটি ফাইট বাতিল করতে হয়েছে।
আগামী ৯ অক্টোবর বিমানের হজপূর্ব ফাইট শেষ হবে এবং হজপরবর্তী ফাইট আগামী ১৯ অক্টোবর শুরু হয়ে ১৮ নভেম্বর শেষ হবে। আর অ্যারাবিয়ান এয়ারলাইন্সের হজপূর্ব ফাইট শেষ হবে ৯ অক্টোবর এবং হজপরবর্তী ফাইট আগামী ২১ অক্টোবর শুরু হয়ে ২৫ নভেম্বর শেষ হবে।
