Skip to content

উদ্ধারকর্মীরা জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের পলমল গ্রুপের আসওয়াদ কমপোজিট মিলে ভয়ানক অগ্নিকাণ্ডে উদ্ধারকর্মীরা নিজের জীবন দিয়ে পোশাক শ্রমিকদের বাঁচিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমএইর সভাপতি আতিকুল ইসলাম।

বুধবার রাতে সংগঠনটির কার্যালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে কয়েকটি মিডিয়ায় প্রকাশিত সংবাদ সত্য নয় উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, ‘গতকালকের ঘটনায়ে একজন এজিএম (সাকিল)সহ মোট ৭ জন নিহত হয়েছেন। কিন্তু কয়েকটি মিডিয়ায় এ সংখ্যা ১০ থেকে ১২ জন উল্লেখ করেছে। যা আমাদেরকে হতাশ করেছে।’

বুধবার নিহত সবাইকে সনাক্ত করার পর তাদের আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার করে টাকা দেয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘ঘটনার পর থেকে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছি এবং আমাদের একটি টিম সার্বক্ষণিক সেখানে কাজ করেছে। সেখান থেকে আমরা গণমাধ্যমকে সঠিক তথ্য জানিয়েছি।’

গাজীপুরের ঘটনায় বৃহস্পতিবারের বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপজিশন (বাটেক্সপো) মেলায় কোনো সমস্য হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, ‘এ ঘটনায় কারখানার এজিএম সাকিল তার অন্য প্রশিক্ষিত ৬ উদ্ধারকর্মী শ্রমিকদের বাঁচিয়ে নিজেদের জীবন দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা বাটেক্সপোর জন্য একটি ইতিবাচক বার্তা।’ তবে ওই সাতজন অতিরিক্ত ধূয়ার কারণে এবং অক্সিজেনের অভাবে মারা গেছে বলে তিনি জানান।

অগ্নিকাণ্ডের বিষয়ে কারখানা মালিক নাফিস সাংবাদিকদের জানান, ‘এ ধরনের ঘটনা কারখানা মালিক হিসেবে আমরা আশা করি না। ২০০১ সাল থেকে আমি ব্যবসা করিছি। এ পর্যন্ত এটাই প্রথম ঘটনা। এতে শ্রমিদের কোনো ক্ষতি হয়নি।’

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, ‘কাপড় শুকানোর যে বয়লার রয়েছে, সেখানকার চিন্মি থেকে এর সূত্রপাত হতে পারে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাকিটা তদন্ত শেষে বলা যাবে।’ তবে ঘটনাকে কোনো নাশকতা বলতে রাজি নন তিনি।

তিনি আরও বলেন, ‘আমার যে কয়টি কারখানা রয়েছে তার যে কাঠামো তাতে কেউ এ ঘটনার জন্য আমাদের দোষ দিতে পারে না। কারণ আমরা নিজের ও শ্রমিদের স্বার্থে সব প্রস্তুতি নিয়েই কাজ শুরু করেছি।’

নাফিজ জানান, কারখানাটির সব শ্রমিকের বেতন-বোনাস ঈদের আগেই দেয়া হবে।

সংবাদ সম্মেলনে বিজিএমইএর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বর্তমান সহ-সভাপতি এসএম মান্নান কচি, রিয়াদ বিন মাহমুদ, শহিদুল্লাহ আজিম, কারখানা মালিক নাফিসসহ পোশাকশিল্পের মালিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫