স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মহানগরীতে সবধরনের সভা-সমাবেশ নিষিদ্ধের প্রেক্ষাপটে রোববার ভোর থেকে রাজধানীতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রধান বিরোধী দল জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়ায় রাজধানীতে এই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে রোববার সকাল থেকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির আহম্মেদ রিজভী ছাড়া অন্য কোনো নেতাকর্মী নেই বলে জানা গেছে।
২৫ অক্টোবর রাজধানীতে দুই দলের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়ায় রোববার ভোর থেকে পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত সবধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।এর প্রতিবাদে রোববার সারাদেশের জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দেয় বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির বৈঠক চলাকালে এ ঘোষণা দেন।
