স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গত মঙ্গলবার রাতে সিটি কর্পোরেশনের হাতিয়াব এলাকায় এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মো. আল আমিন (১৫)শেরপুরের ঝিনাইগাতি থানার নাচনমহুরী গ্রামের মো. ফরহাদ আলীর ছেলে। সে তার মায়ের সাথে গাজীপুর সিটি কর্পোরেশনের শিমুলতলীর শান্তিবাগ এলাকায় ভাড়া থেকে ইজিবাইক চালাত।
নিহতের চাচা রুস্তম আলী জানান, আল আমিনের বাবা ফরহাদ আলী গ্রামের বাড়িতে থাকেন। মা, ভাই-বোনের সাথে শান্তিবাগ এলাকায় ভাড়া থেকে গাজীপুর শহরের শিববাড়ি-শিমুলতলী রুটে ইজিবাইক চালাত। মঙ্গলবার সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বের হয়ে সে আর বাড়িতে ফেরেনি।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, হাতিয়াবহ এলাকার রাজেন্দ্রপুর ক্যান্টনমমেন্ট-চত্বর বাজার সড়কের নির্জন গজারি বনের ভেতর দুর্বৃত্তরা আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। স্থানীয়রা টের পেয়ে থানায় খবর দিলে রাত ১০টার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থলের অল্প দূরে রাস্তার পাশে ইজিবাইকটি উল্টে পড়ে ছিল।
তিনি আরো জানান, কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
