Skip to content

বুধবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমানের কাছে প্রেরিত প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে।

ওই ফ্যাক্স বার্তায় জানানো হয়, বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে গণভবন থেকে তেজগাঁও বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় হেলিকপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সকাল ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী।

বেলা ১১টায় জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে উপস্থিত হয়ে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করবেন। বেলা ১২টা ২০ মিনিটে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া নবনিযুক্ত মন্ত্রী পরিষদের সদস্যরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যদের টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে জেলার সর্বত্র ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫