বাংলাভূমি২৪ ডেস্ক ॥
স্বামীর নির্যাতনে দুই চোখ হারানোর দুই বছরের মাথায় কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন রুমানা মঞ্জুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা এবার আইন পড়বেন বলে কানাডার সিবিসি নিউজকে জানিয়েছেন। বিডিনিউজ
২০১১ সালের ৫ জুন ঢাকায় ধানমণ্ডির বাসায় স্বামী হাসান সাঈদের নির্যাতনের শিকার হন রুমানা। ওই হামলায় নাকে ক্ষত হওয়ার পাশাপাশি দৃষ্টি শক্তি হারান তিনি।
সিবিসি নিউজকে রুমানা বলেন, দৃষ্টিশক্তি হারানোর পর তাকে বহু বাধা আর জটিলতার মুখে পড়তে হয়েছে। কখনও ভাবেননি, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া (ইউবিসি) থেকে শেষ পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করতে পারবেন। এসব হতাশার চিন্তায় আটকে থাকতে চাইনি আমি। আমি বুঝতে পারছিলাম, এভাবেই আমাকে এগিয়ে যেতে হবে। আর এর শুরু হতে হবে এখন থেকেই।
চিকিৎসকদের বরাত দিয়ে সিবিসি জানায়, রুমানার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আর কোনো আশা নেই। তবে অন্ধত্ব শেষ পর্যন্ত বাধা হতে পারেনি রুমানার এগিয়ে চলার পথে। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় বন্ধুরাও তাকে নানাভাবে সহযোগিতা দিয়েছেন। বন্ধুদের কেউ কেউ জোরে জোরে বই পড়ে শোনাতেন রুমানাকে। তার মুখ থেকে শুনে তারাই লিখে দিয়েছেন স্নাতকোত্তরের অভিসন্দর্ভ।
শিক্ষকদের উদ্ধৃত করে সিবিসি লিখেছে, বিপর্যয়ের মধ্যেও রুমানার মতো করে ঘুরে দাঁড়াতে আর কোনো শিক্ষার্থীকে দেখেননি তারা। রুমানার ওপর হামলার ঘটনায় তার স্বামী হাসান সাঈদ সুমনকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। ২০১১ সালের ডিসেম্বরে কারাগারেই তার মৃত্যু হয়।
রুমানা বলছেন, বাংলাদেশে পারিবারিক নির্যাতন ও আইনি ব্যবস্থার বাস্তবতা উপলব্ধি করেই তিনি রাষ্ট্রবিজ্ঞানের বদলে আইন বিষয়ে উচ্চতর শিক্ষা নিতে চান। আপাতত বৃত্তি আর স্টুডেন্ট লোনের টাকায় ল স্কুলের লেখাপড়া শেষ করার ইচ্ছা তার। এরপর কি করবেন, তা এখনও ঠিক করেননি তিনি। তিনি বলেন, আমি আরও শিখতে চাই। তারপর ঠিক করব, কীভাবে আমি এগোবো।
স্নাতকোত্তর শেষ করে আইন পড়বেন রুমানা
আপডেট :July 12, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
