স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিবিদ ও পুলিশকে নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিবেদনের সমালোচনা করে বলেছেন, ‘ঢালাওভাবে রাজনীতিবিদদের ওপর দোষ চাপানো মেনে নেওয়া যায় না। রাজনীতিবিদদের হেয় করে টিআইবি কাদের ক্ষমতায় আনার ষড়যন্ত্র চলছে?’
মঙ্গলবার বিকালে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনীতিবিদের দোষ-ত্রুটি থাকতে হবে। তবে কেন এ সময়ে রাজনীতিবিদদের হেয় করার চেষ্টা চলছে তা সকলকে ভেবে দেখতে হবে। উদ্দেশ্যমূলকভাবে এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই।
প্রসঙ্গত, গত ৯ জুলাই বার্লিন ভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন টিআইয়ের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত রাজনৈতিক দল ও পুলিশ বাহিনী। বাংলাদেশে সংগঠনটি টিআইবি নামে পরিচিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যতই ষড়যন্ত্র হোক না কেন জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
তিনি বলেন, যারা রাজনৈতিক নেতাদের হেয় করতে চায় তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া প্রয়োজন। তারা কতো টাকার মালিক, কীভাবে অর্থ উপার্জন করেছেন, কালো টাকা সাদা করেছেন কিনা সে সব বিষয় খতিয়ে দেখতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘অতীতে অনেকে রাজনীতিবিদদের বিরুদ্ধে নানা কথা বলে রাতারাতি ক্ষমতা দখল করে আবার রাজনীতিবিদ হয়ে গেছেন।’
তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও গণতান্ত্রিক ধারায় অনুষ্ঠিত হবে। ষড়যন্ত্র ও অপপ্রচার সম্পর্কে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ প্রমুখ।
