ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পিকেটিংয়ের মধ্য দিয়ে খাগড়াছড়িতে চলছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের (পিবিসিপি) ডাকা সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ।
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা থেকে অপহৃত টেলিটকের ঠিকাদারী প্রতিষ্ঠান বি-টেকনলজির কর্মকর্তাদের শনিবারের মধ্যে ছেড়ে না দেওয়ায় এই অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠনটি।
অবরোধের কারণে খাগড়াছড়িতে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চলছে না অভ্যন্তরীণ রুটের যানবাহনও। সকাল থেকে বাসস্ট্যান্ড, খাগড়াছড়ি গেইট, চেঙ্গী স্কোয়ার এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় পিবিসিপির নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা গেছে।
জেলায় নাশকতা এড়াতে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়ন করা হয়েছে।
সকাল সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ৮ জুলাই টেলিটকের ঠিকাদারী প্রতিষ্ঠান বি-টেকনলজির প্রকৌশলী আক্তার হোসেন, টেকনিশিয়ান মো. হেমায়েত হোসেন, মো. ইমরুল হোসেন, সুপারভাইজার সুজা উদ্দিন, টেলিটকের স্থানীয় প্রতিনিধি মন্টু চাকমা ও খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আব্দুল মজিদ বাঘাইছড়ির বারিবিন্দুঘাট এলাকায় একটি টেলিটক টাওয়ারের ত্রুটি মেরামত করতে গেলে সন্ত্রাসীরা তাদের অপহরণ করে নিয়ে যায়।
