Skip to content

অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন কমিটির প্রজ্ঞাপন

স্টাফ রিপোর্টার ॥ সংবাদপত্র ও অনলাইন সংবাদ সংস্থাগুলোর জন্য অষ্টম ওয়েজ বোর্ডের সুপারিশ পর্যালোচনা ও বাস্তবায়নের জন্য মন্ত্রিসভা কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অষ্টম ওয়েজ বোর্ডের মজুরি বৃদ্ধির প্রস্তাব পর্যালোচনা করে সুপারিশ প্রণয়ন ও তা বাস্তবায়নের জন্য মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠন করা হয়। সাংবাদিকদের জন্য অষ্ট ওয়েজবার্ডে বেতন শতকরা ৭০ ভাগ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা এ তথ্য জানান।

সচিব বলেন, প্রজ্ঞাপন জারির পর থেকে এক মাসের মধ্যে এ কমিটি প্রতিবেদন জমা দেবে। সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি করা হয়েছে। অন্য সদস্যরা হলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান।

জানা গেছে, অষ্টম ওয়েজ বোর্ডে সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও প্রেস শ্রমিকদের জন্য ১৫টি বেতনক্রম নির্ধারণ করা হয়েছে, যা সপ্তম ওয়েজ বোর্ডে ছিল ৯টি। অষ্টম ওয়েজ বোর্ডে সর্বোচ্চ বেতনক্রম ৩৪ হাজার ৮৫০ থেকে ৫৫ হাজার ৮৫০ এবং সর্বনিম্ন তিন হাজার ৭০০ থেকে পাঁচ হাজার ৬১৫ করা হয়েছে। ‘ক’ ও ‘খ’ শ্রেণীর সংবাদপত্রের শুধু বিশেষ গ্রেডভুক্ত সম্পাদক, ব্যবস্থাপনা পরিচালকের বাড়িভাড়া বাড়ানো হয়েছে।

তাঁরা সপ্তম ওয়েজ বোর্ডে ২০ হাজার ও ১৮ হাজার টাকা পেতেন, যা অষ্টম ওয়েজ বোর্ডে ৩০ হাজার ও ২৭ হাজার টাকা হবে। সব সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীর মাসিক চিকিৎসাভাতা এক হাজার থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করার সুপারিশ করা হয়েছে অষ্টম ওয়েজ বোর্ডে।

প্রসঙ্গত গত ৫ আগস্ট মন্ত্রিসভায় এ বিষয়টি অনুমোদন দেওয়া হয়। সপ্তম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদের বিদ্যমান মূল বেতনের ওপর ৭০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড। ১৯৯৭ সালের পঞ্চম মজুরি বোর্ডের টিওআর অনুযায়ী সুপারিশ প্রণয়ন করবে মন্ত্রিসভা কমিটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫