Skip to content

চোখ থাকতে অন্ধরা উন্নয়ন দেখতে পায় না

স্টাফ রিপোর্টার ॥ চোখ থাকতে যারা অন্ধ, তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখতে পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচকদের উদ্দেশে বলেন, ‘যারা চোখ থাকতে অন্ধ, তাদের হাজার চেষ্টা করেও দেখাতে পারবো না। কিন্তু তারা জনগণকে বিভ্রান্ত করছে। জনগণ যেন সতর্ক থাকে।‘

শনিবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন একবার শুরু করতে হবে। সংবিধান সংশোধন করে আমরা এটুকু এনেছি, সামরিক সরকার বা সেনা সমর্থিত সরকার এসে ক্ষমতা দখল করবে সে সুযোগ নেই।‘

তিনি বলেন, ‘উড়ে এসে জোর করে ক্ষমতায় বসলে মানুষের প্রতি তাদের ভালবাসা থাকে না। যারা ভোট করে জিততে পারবে না, দল করতে পারবে না, নির্বাচনে জিততে পারবে না, তাদের ক্ষমতায় যাওয়ার খায়েশ আছে।‘

‘ক্ষমতালোভী’ সুশীলদের সমালোচনা করে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার কারণ হিসেবে যারা বাকশালকে সামনে নিয়ে আসেন তাদের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘এক দলীয় শাসন উনি (বঙ্গবন্ধু) কায়েম করলেন কীভাবে।  বরং উনি ক্ষমতা ভাগাভাগি করেছেন। বাকশাল হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এর মাধ্যমে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু। যাদের পছন্দ হয়নি তারা নির্বাচনের মাধ্যমে, আন্দোলন করে তাকে হঠাতে পারতো।‘

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু দিয়েছিল সার্বজনীন গণতন্ত্র; আর বিনিময়ে জাতি পেল মিলিটারি ডিক্টেটর। বহুদলকে ক্ষমতার ভাগ দিলেন এটা হলো বঙ্গবন্ধুর অপরাধ! আর জিয়াউর রহমান এসে সামরিক শাসন দিলেন- এটা হয়ে গেল কাম্য। জিয়া রুলস ভঙ্গ করেছেন। ক্ষমতায় এসে হ্যাঁ-না ভোট দিলেন।‘

প্রধানমন্ত্রী বলেন, ‘খুব দুঃখ লাগে যখন দেখি পঁচাত্তরের ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে জায়েজ করার জন্য এখনো অনেকে অনেক কথা বলেন। কিন্তু মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি প্রতিশোধ নেয়ার জন্য এ হত্যাকাণ্ড ঘটায়।‘

বিরোধী দলীয় নেতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দলীয় নেত্রী যার জন্মের তারিখ ঠিক নেই, সেই নেত্রী ১৫ আগস্টকে জন্ম তারিখ হিসেবে বেছে নিয়েছেন। তিনি কোথাও তার জন্ম তারিখ হিসেবে ১৫ আগস্ট দেখাতে পারেননি। স্কুলের রেজিস্ট্রেশনে ৫ সেপ্টেম্বর, কাবিননামায় জন্ম তারিখ ভিন্ন, পঁচাত্তরের পর যখন জিয়া ক্ষমতা দখল করে বিদেশ সফরে যায় সেই সময় পাসপোর্টে ছিল ভিন্ন জন্ম তারিখ। ৯১ সালে প্রধানমন্ত্রী হবার পর উনার (খালেদা জিয়ার) মা বিভিন্ন পত্রপত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন, জন্ম তারিখও ভিন্ন দেখিয়েছেন।‘

প্রধানমন্ত্রী বলেন, ‘৯১ সালে ক্ষমতায় এসে এর ১ বছর পরই হঠাৎ করে ১৫ আগস্টকে বেছে নিলেন জন্ম দিন উদযাপন করার জন্য। এটার অর্থ খুনিদের উৎসাহ যোগানো, শক্তি দেয়া।‘

সভায় উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ জমির, সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫