Skip to content

শিক্ষার্থীদের সেবা দেবে লিংকডইন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ শিক্ষাজীবন দীর্ঘায়িত করতে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য সেবা চালু করছে পেশাদার সামাজিক যোগাযোগ সাইট লিংকডইন। ১২ সেপ্টেম্বর থেকে বিশ্বের প্রায় সব দেশের ১৩ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য এ সেবা চালু হবে। খবর এপির।

এ লক্ষ্যে সাইটটিতে একটি বিশ্ববিদ্যালয় পেজ খোলা হয়েছে। বয়সসীমা কমানোর কারণে ওয়েব পেজটিতে প্রবেশ করতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা। পাতাটির মূল কাজ বিশ্বের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য প্রদানের পাশাপাশি আন্ডারগ্রাজুয়েটদের সঙ্গে পুরনো ছাত্রদের যোগাযোগ ঘটানো। এ পর্যন্ত বিশ্বের প্রায় ২০০টি বিশ্ববিদ্যালয় লিংকডইনে পেজ খুলেছে। কোম্পানিটি জানায়, আরো কয়েক হাজার বিদ্যালয় ও কলেজকে তাদের নতুন ফিচারটি ব্যবহারের সুযোগ করে দেয়া হচ্ছে।

বিশ্লেষকদের মতে, নিবন্ধনের বয়সসীমা কমানোয় প্রবৃদ্ধির নতুন রাস্তা পেয়েছে লিংকডইন। এর মাধ্যমে সাইটটির ব্যবহার ও আয় বাড়বে। এ সাইটে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে কোনো অর্থ গুনতে হয় না। তবে বাড়তি যোগাযোগ ও সদস্যদের সম্পর্কে অতিরিক্ত কিছু জানতে চাইলে অর্থের বিনিময়ে কোম্পানির কাছ থেকে অনুমতি নিতে হয়। এদিকে গ্রাহক বাড়ার সঙ্গে সঙ্গে সাইটের বিজ্ঞাপন দর বাড়ছে।

জুনে শেষ হওয়া অর্থবছরে লিংকডইনের সদস্য ছিল ২৩ কোটি ৮০ লাখ। ২০১১ সালের মে মাসে পাবলিক কোম্পানিতে রূপান্তর হওয়ার সময় এর গ্রাহক সংখ্যা ছিল অর্ধেকেরও কম। এদিকে স্থিতিশীল হারে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রায় প্রতিটি প্রান্তিকেই বিশ্লেষক ও বিনিয়োগকারীদের প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে সাইটটি। বর্তমানে কোম্পানিটির শেয়ারদর ২৩২ ডলার ১৬ সেন্ট। ভিত্তি মূল্যের চেয়ে পাঁচ গুণেরও বেশি।

সোমবার থেকে নতুন বয়সসীমা চালুর কার্যক্রম শুরু করেছে লিংকডইন। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও স্পেনের ১৪ বছর বয়সীরা এখন থেকেই লিংকডইনে যোগ দিতে পারবে। নেদারল্যান্ডসের ক্ষেত্রে এ সীমা ১৬ বছরের ওপর। তবে চীনে ১৮ বছরের নিচে কেউ নিবন্ধনের সুযোগ পাবে না। বিশ্বের অন্যান্য দেশে ১৩ বছরের ঊর্ধ্বে যে কেউ লিংকডইনে যোগ দিতে পারবে।

এদিকে অল্প বয়সীদের যোগদানের সুযোগ দেয়ায় সাইটটিতে অনলাইন হুমকি-ধমকি কিংবা হয়রানির ঘটনা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে এ রকম ঘটনা প্রায়ই ঘটছে। ফেসবুকেও নিবন্ধন করতে হলে ব্যবহারকারীকে কমপক্ষে ১৩ বছর বয়সী হতে হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫