Skip to content

ওয়াসিম আকরামের নতুন জীবন

স্পোর্টস ডেস্ক ॥ অবশেষে অস্ট্রেলিয়ান তরুণী শানিয়েরা থম্পসনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। ২০০৯ সালে তার প্রথম স্ত্রী হুমা মারা যাওয়ার পর এতদিন তিনি একাই ছিলেন। প্রথম স্ত্রীর পক্ষে তার দু’টি ছেলে রয়েছে। আর গতকাল তার এই দ্বিতীয় বিয়ের খবর নিশ্চিত করেছেন ৪৭ বছরের সাবেক এই তারকা পেসার।
গত মাসে অস্ট্রেলিয়ার রীতি অনুযায়ী হাঁটু গেড়ে ৩০ বছর বয়সী শানিয়েরাকে বিয়ের প্রস্তাব দেন আকরাম। আকরামের প্রতি অভিভূত হয়ে তখনই তিনি সানন্দে রাজি হয়ে যান বিয়ের জন্য। আকরামকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণের জন্য তিনি ইসলামও গ্রহণ করেন। এ মাসের শুরুতে অস্ট্রেলিয়া থেকে পাকিস্তানের করাচি আসেন শানিয়েরা। হবু স্বামী আকরামের অসুস্থ বাবাকে দেখতে যান তিনি। আর সেখানেই গত সপ্তাহে ইসলামী রীতি অনুযায়ী একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন ওয়াসিম ও শানিয়েরা। তবে গতকাল আকরাম তার এই বিয়ের কথা প্রকাশ করলেন। এএফপিকে আকরাম বলেন, ‘গত সপ্তাহে লাহোরে ছোটখাটো আয়োজনে শানিয়েরাকে আমি বিয়ে করেছি। আমার সন্তান ও নতুন স্ত্রীকে নিয়ে আমি নতুন জীবন শুরু করেছি। সাবেক জনসংযোগ পরামর্শক শানিয়েরা এখন থেকে পাকিস্তানেই বসবাস করবেন বলে আকরাম জানিয়েছেন। অস্ট্রেলিয়ান এই তরুণী উর্দু ভাষাটাও শিখছেন এখন। আকরাম বলেন, ‘সে ইসলাম গ্রহণ করেছে এবং এখন আমাদের ভাষাও শিখছে। আমার দুই ছেলের সঙ্গে তার দারুণ বন্ধুত্ব হয়েছে। পাকিস্তানের হয়ে ১০৪ টেস্ট ও ৩৫৬ ওয়ানডে খেলা আকরাম ২০০৩ সালে ক্রিকেট থেকে অবসর নেন। পাকিস্তানের হয়ে তার আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয় ১৯৮৪ সালে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫