Skip to content

শীতলক্ষ্যার বুকে দাঁড়িয়ে শামীম ওসমানের ফাঁসি দাবি করলেন আইভী

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, শামীম ওসমানের নির্দেশেই আজমেরী ওসমানের অফিসে ত্বকীকে হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জবাসী ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের দাবিতে জেগে উঠেছে। তাই শীতলক্ষ্যা নদীর বুকে দাঁড়িয়ে ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় শামীম ওসমান ও তার ভাইপো আজমেরী ওসমানের
ফাঁসি দাবি করছি। তিনি বলেন, শামীম ওসমান তার ক্যাডার মাকসুদকে দিয়ে নানা অপকর্ম করিয়ে অবশেষে নিজেই তাকে খুন করিয়েছে। একইভাবে ক্যাঙ্গারু পারভেজকেও শামীম ওসমান তার অপকর্ম ঢাকতেই গুম করেছে। মেয়র আইভী শামীম ওসমানকে শুধু নারায়ণগঞ্জেরই নয় বরং দেশের শ্রেষ্ঠ গডফাদার বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, নারায়ণগঞ্জে অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছে এই ওসমান পরিবার। এসব হত্যাকাণ্ডের ঘটনায় আমরা এর আগেও বিচার চাইতে পারতাম এই শীতলক্ষ্যায়। কিন্তু তা সম্ভব হয়ে উঠেনি। ডা. আইভী এসব হত্যাকাণ্ডের জন্য ডিজিএফআই ও র‌্যাবের তদন্ত দাবি করেন। গতকাল বেলা ১১টায় নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে শীতলক্ষ্যা নদীতে নৌকা বন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ডা. আইভী এসব কথা বলেন। ত্বকী হত্যার বিচার, শীতলক্ষ্যা নদীকে লাশ মুক্ত ও নারায়ণগঞ্জকে সন্ত্রাস মুক্ত করার দাবি নিয়ে শীতলক্ষ্যা নদীতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ গতকাল শীতলক্ষ্যা নদীর পূর্বপাড় বন্দর খেয়াঘাটে ব্যতিক্রম এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা নৌকা ও ট্রলার নিয়ে কর্মসূচিতে অংশ নেন। ত্বকী হত্যাকাণ্ডের ৬ মাস পূর্তি উপলক্ষে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ ঘোষিত ৩ দিনের কর্মসূচির প্রথম কর্মসূচি এটি। সারিবদ্ধভাবে রাখা নৌকাগুলোর মধ্যে একটি ইঞ্জিনচালিত ট্রলারকে অস্থায়ী মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়। ডা. আইভী বলেন, জেলার সর্বোচ্চ ফোরাম আইনশৃঙ্খলা কমিটির সভায় এখনও নাসিম ওসমানরা তাদের বিরুদ্ধে কথা বলায় হুমকি-ধমকি দিচ্ছে। পরিবহন মালিক-ব্যবসায়ী এবং শহরের টানবাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে মেয়র বলেন, আপনারা আর ভয় পাবেন না। তাদের চাঁদা দেয়া বন্ধ করে দিন। শামীম ওসমানের বিরুদ্ধে দু’টি কবরের জায়গা দখলের অভিযোগ করে তিনি বলেন, কত বড় সন্ত্রাসী বাহিনী হলে কবরও দখল করতে পারেন তিনি। এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান সম্পর্কে তিনি বলেন, নারায়ণগঞ্জে আজমেরী ওসমান মাদক ছড়িয়ে দিয়ে যুব সমাজকে ধ্বংস করছে। ত্বকী হত্যা মামলার তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে তিনি বলেন, শামীম ওসমান ও আজমেরী ওসমানকে গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে তাদের ফাঁসির কাঠগড়ায় দাঁড় করান। তা না হলে নারায়ণগঞ্জবাসীই তাদের বিচার করবে। শামীম ওসমানদের ইঙ্গিত করে আইভী বলেন, আপনাদের সঙ্গে খেলে নাজমা রহমান, আকরাম সাহেবরা পারেন নাই। তারা ভদ্র ছিলেন তাই পেরে উঠেননি। ওসমান পরিবারের খুন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে একই প্লাটফর্মে দাঁড়িয়ে আন্দোলন গড়ে তুলতে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন ত্বকী, নাট্যকার চঞ্চল, আশিক ও ভুলুসহ অসংখ্য লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলা হয়েছে। এ নদী দেখেছে তারা লাশ ফেলেছে। নদীর পানি লাশের দুর্গন্ধে কলুষিত হয়েছে। তাই শীতলক্ষ্যার পানি আর কোন লাশের গন্ধে কলুষিত হতে দেয়া হবে না। তিনি বলেন, ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি লিটনের স্বীকারোক্তি অনুযায়ী আজমেরী ওসমানের সহযোগীরা ত্বকীকে হত্যা করেছে। অবিলম্বে ত্বকী হত্যাকারীদের বিচার দাবি জানিয়ে তিনি বলেন, গত সাড়ে ৪ বছরে ওসমান পরিবার ১০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে সেই টাকা ফেরত আনার দাবি জানান তিনি। তিনি বলেন, আমরা শুনতে পেয়েছি শামীম ওসমান ও আজমেরী ওসমানরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের পালিয়ে যেতে দেয়া হবে না। উল্লেখ্য, গত ৬ই মার্চ নিখোঁজ হওয়ার দুদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তানভীর মুহাম্মদ ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ত্বকীর বাবা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। পরে আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৮-৯ জনের কথা উল্লেখ করে পুলিশ সুপারকে অবগতিপত্র দেন তিনি। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি ইউসুফ হোসেন লিটন গত ২৯শে জুলাই আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার এবং অন্যান্য ঘাতকের নাম উল্লেখ করে আদালতে জবানবন্দি দিয়েছেন। রফিউর রাব্বির সভাপত্বিতে নৌবন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ত্বকী মঞ্চের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হালিম আজাদ, সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সাধারণ সম্পাদক মনি সুপান্থ, ন্যাপের জেলা সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, কমিউনিস্ট পার্টির নেতা দুলাল সাহা, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য, ৬ই মার্চ শহরের কালিরবাজারের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। ৮ই মার্চ শহরের কালিরবাজারস্থ চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীতে তার লাশ পাওয়া যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫