বিনোদন ডেস্ক ॥ প্রেম ও দাম্পত্যের টানাপোড়নের চাপ সামলাতে না পেরেই আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন অভিনেত্রী মম। বুধবার মমর আত্মহত্যা প্রচেষ্টার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঘনিষ্ঠজনদের কাছ থেকে এমন তথ্যই পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মমর কিছু ঘনিষ্ঠজন ক জানান, কিছুদিন ধরেই নাট্য পরিচালক শিহাব শাহিনের সঙ্গে অভিনেত্রী মমর ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিলো। সে সূত্রেই স্বামী এজাজ মুন্নার সঙ্গেও সম্পর্কের টানাপোড়ন চলছিল। দুদিকের চাপ সামলাতে না পেরে মম আত্মহত্যাকেই সমাধান মনে করেন। হাসপাতাল সূত্র জানায়, শিহাব শাহিনই অভিনেত্রী মমকে হাপাতালে ভর্তি করান।
কিন্ত মমর সঙ্গে কোনো ধরণের সম্পর্কের বিষয়টি গুজব বলে উড়িয়ে দিলেন শিহাব শাহিন। বুধবার দিবাগত মধ্যরাতে শিহাব শাহিন বলেন, ‘এ ধরণের কোনো খবরই সত্য নয়। মমর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। এগুলো স্রেফ গুজব। মমকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রসঙ্গটিও অস্বীকার করেন শিহাব শাহিন।
এ ব্যাপারে মমর স্বামী এজাজ মুন্নার সঙ্গে কথা বলতে তার মোবাইলে বার ফোন করলেও তা বন্ধ পাওয়া গেছে।
অভিনেত্রী মম দীর্ঘদিন ধরেই পরিচালক শিহাব শাহিনের নাটকে নিয়মিত কাজ করছেন। এনটিভির জনপ্রিয় ধারাবাহিক ভালোবাসার চতুষ্কোণে নিয়মিত অভিনয় করছেন তিনি। এছাড়া সম্প্রতি ‘নীলপরী নিলাঞ্জনা’ নামেও একটি টিভি নাটকে অভিনয় করেন তিনি। মমকে নিয়ে শিগগিরিই আরেকটি কাজ শুরু করার কথা রয়েছে বলে শিহাব শাহিন জানান।
উল্লেখ্য, অভিনেত্রী মম ও নাট্যপরিচালক এজাজ মুন্না দীর্ঘদিন প্রেম করার পর ২০১০ এর ৩১ মার্চ বিয়ে করেন। এজাজ মুন্না অভিনেত্রী তাজিন আহমেদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ত্যাগ করে মমকে বিয়ে করেন। অপরদিকে অভিনেত্রী মমও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠী মাসুদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে মুন্নার সঙ্গে সংসার গড়ে তোলেন।
