Skip to content

সংলাপের জন্য প্রস্তুত বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সফররত ব্রিটিশ লেবার পার্টির এমপি রুশনারা আলী।

দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে এখনও সংলাপের পরিবেশ তৈরি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুশনারা এ আহ্বান জানান। এসময় তিনি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পখাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

শুক্রবার সন্ধ্যা ৬টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এ বৈঠক শুরু হয়।বৈঠক চলে প্রায় ৭টা পর্যন্ত।

এ সময় শমশের মুবিন চৌধুরী সাংবাদিকদের জানান, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই বৈঠক হয়েছে। বিএনপি সংলাপের জন্য প্রস্তুত আছে, কিন্তু সরকার সংলাপের কোনো পরিবেশ তৈরি করেনি। সংলাপের পরিবেশ তৈরির দায়িত্ব সরকারের। কালই আমরা সংলাপে বসতে পারি। সেই পরিবেশ তৈরি হলেই বিএনপি সংলাপে যাবে বলেও জানান তিনি।

তিনি বলেন, বৃটিশ সংসদীয় দল রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের কথা বলেছে। বিএনপি সব সময় সংলাপের জন্য প্রস্তুত। এ বিষয়ে বিএনপির অবস্থান তাদের কাছে তুলে ধরা হয়েছে।

বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের কর্ম পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে।

সন্ধ্যা বৈঠকে প্রতিনিধি দলের অন্যদের মধ্যে এনি মেইন, নিক ডি বইস, সাইমন ডাংজাক, জনাথান রিওনল্ডস, শাবানা মাহামুদ ছাড়াও ঢাকায় নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূত রবার্ট গিবসন উপস্থিত ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে রুশনারা আলী সাংবাদিকদের বলেন, ‘সময় দ্রত ফুরিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হওয়া প্রয়োজন।’

তিনি বলেন, ‘বৃটিশ সরকার চায় বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক। তাই অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য সকল দলের অংশ গ্রহণ জরুরি।’

দেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। রানা প্লাজার পুনরাবৃত্তি যেন না ঘটে তার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।’

উল্লেখ্য, গত বুধবার ব্যক্তিগত সফরে ঢাকা পৌঁছান বাংলাদেশে জন্মগ্রহণকারী এই প্রভাবশালী ব্রিটিশ এমপি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রুশনারা আলী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর সিলেট সফর করবেন। তিনি বাংলাদেশ ছাড়বেন আগামী ১৮ সেপ্টেম্বর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫