Skip to content

ভিলেন নিকোল কিডম্যান

বিরেনাদন ডেস্ক ॥ শিশুউপযোগী সিনেমা ‘পেডিংটন বেয়ার’-এ ভিলেনের চরিত্রে অভিনয় করবেন হলিউডি অভিনেত্রী নিকোল কিডম্যান। আর মূল চরিত্র পেডিংটন বেয়ারের জন্য কণ্ঠ দেবেন অভিনেতা কলিন ফার্থ।

শিশুসাহিত্যের জনপ্রিয় চরিত্র পেডিংটন বেয়ারের উপর এবার নির্মিত হবে একটি অ্যাকশন ধাঁচের সিনেমা। আর মারমালেডপ্রেমী এই ভাল্লুকের চরিত্রে কণ্ঠ দিবেন ‘কিংস স্পিচ’-এর জন্য অস্কারজয়ী অভিনেতা কলিন ফার্থ। এদিকে সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী নিকোল কিডম্যান।

নিকোল বলেন, “সিনেমাটি আমার করতেই হত। যখন আমার প্রতিনিধি আমাকে জানাল পেডিংটন বেয়ারের উপর একটি সিনেমায় আমাকে অভিনয় করতে হবে, আমি খুবই অবাক হয়েছিলাম।”

তিনি আরও বলেন, “আমি পেডিংটন বেয়ারের গল্প পড়ে বড় হয়েছি। আমি তার সব কাহিনি জানি। সে কত রকমের অ্যাডভেঞ্চার করত আর দুষ্টুমি করত– সবই জানা আছে আমার।”

এদিকে ‘দ্য রেইলওয়ে ম্যান’ সিনেমার পর আরও একবার একসঙ্গে কাজ করবেন নিকোল এবং কলিন।

‘ডেইলি মেইল’ পত্রিকাকে কলিন বলেন, “পেডিংটন এবার সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত হবে, আমার ধারণা, আমি তার চরিত্রের জন্য অনেকটা পেরুভিয়ান ধাঁচে কথা বলব। সিনেমায় আমি ছাড়া বাকি চরিত্রগুলো হবে সত্যিকারের মানুষ।”

কলিন আরও বলেন, “তবে পেডিংটনের মধ্যে আমার বেশ কিছু বৈশিষ্ট্য ফুটে উঠবে। কারণ আমি ক্যামেরা সম্বলিত হেলমেট পরে বেশ কিছু অভিনয় করব, আর আমার চেহারার অভিব্যক্তি পেডিংটনের অ্যানিমেশনের জন্য ব্যবহার করা হবে।”

সিনেমাটি পরিচালনা করবেন পল কিং। প্রযোজনার দায়িত্বে থাকবেন ‘হ্যারি পটার’-এর প্রযোজক ডেভিড হেইম্যান।

মাইকেল বন্ডের লেখা শিশুদের গল্প ‘পেডিংটন বেয়ার’ প্রথমবারের মতো প্রকাশিত হয় ১৯৫৮ সালে। এরপর জনপ্রিয়তার ভিত্তিতে পেডিংটন বেয়ারকে নিয়ে অনেক গল্প এবং টিভি অনুষ্ঠান নির্মাণ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫