Skip to content

ম্যাচ শেষে লালকার্ড বালোতেলির

স্পোর্টস ডেস্ক ॥ ইতালির সিরি ‘আ’ লীগে রোববার গরম ম্যাচে খেলছিল দুই জায়ান্ট দল এসি মিলান ও নাপোলি। এতে নেপলসের দলটির কাছে নিজ মাঠে ২-১ গোলে হার মানে এসি মিলান। আর গরম মাথার ফুটবলার মারিও বালোতেলি দেখেন নিজের গোল সাফল্য, নিজের পেনাল্টি মিস, দলের হার এবং ম্যাচ শেষে দেখেন লালকার্ড। বিপরীত দিকে নিজের গোল নৈপুণ্য আরেকবার দেখান আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন। মিলানের সান সিরোয় মিগুয়েল ব্রিতসের গোলে ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। আর ৫৩ মিনিটে ২৫ গজি শটে নাপোলিকে ২-০ গোলে এগিয়ে নেন এবারের দলবদলে রিয়াল মাদ্রিদ ছেড়ে নাপোলির জার্সি গায়ে তোলা তারকা হিগুয়েন। নিজ মাঠে এক বছরে এসি মিলানের এটি প্রথম হার। আর সান সিরোয় নাপোলির কাছে হারলো তারা দীর্ঘ ২৭ বছর পর। ১৯৮৬’র এপ্রিলে সান সিরোয় মিলান হার মানে আর্জেন্টাইন গ্রেট দিয়েগো মারাদোনার নাপোলির কাছে। আর মিলানের বড় তারকা মারিও বালোতেলির জন্য ম্যাচটি ছিল ঘটনাবহুল। খেলার ৬০ মিনিটে পেনাল্টির সুযোগ নষ্ট করেন বালোতেলি। তার শট ফিরিয়ে দিয়ে এদিন আলাদা নায়ক নাপোলির স্প্যানিয়ার্ড গোলরক্ষক পেপে রাইনা। ক্যারিয়ারে এই প্রথম পেনাল্টি মিস করলেন মারিও বালোতেলি। অফিসিয়াল ম্যাচে নিজের ২৬ পেনাল্টি কিকে এর আগে শতভাগ সাফল্য দেখেছেন এ ইতালিয়ান ফরোয়ার্ড। রোববার মেজাজী এ ফুটবলারের একাধিক চেষ্টা বারপোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ম্যাচের ইনজুরি সময়ে এসি মিলানের একমাত্র গোলটি তারই। কিন্তু ম্যাচ শেষে বালোতেলির হতাশা বড় হয় সেই মেজাজ হারিয়েই। খেলার শেষ বাঁশির পর রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে বালোতেলি দেখেন লালকার্ড আর প্রতিক্রিয়ায় হাফপ্যান্ট ও খালিগায়ে বালোতেলি দেখান হম্বিতম্বি।

রোম ডার্বি জিতে শীর্ষে রোমা
রোববার রোম ডার্বিতে নেমেছিল দুই নগর প্রতিদ্বন্দ্বী ইতালিয়ান জায়ান্ট এএস রোমা ও ল্যাজিও। এতে ল্যাজিওকে ২-০ গোলে হারিয়ে ডার্বি মর্যাদার সঙ্গে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানটিও রোমার। বিরতির পর ফেদেরিকো বালজারাতি ও আদেম লিয়াজিচ করেন রোমার গোল দু’টি। সিরি ‘আ’ লীগে টানা চার ম্যাচে জয় নিয়ে ১২ পয়েন্টের এএস রোমা ও নাপোলি তালিকার শীর্ষে। সমান ১০ পয়েন্ট নিয়ে পরের তিন স্থানে ইন্টারমিলান, গত টানা দুইবারের শিরোপাজয়ী জুভেন্টাস ও ফিওরেন্টিনা। রোববার তুরিনে নিজ মাঠে ভেরোনাকে ২-১ গোলে হারায় জুভেন্টাস। আর সিরি ‘আ’ লীগে নবাগত দল সাসুওলোকে ৭-০ গোলে বিধ্বস্ত করে ইন্টার।

ইতালি লীগের ফল
এসি মিলান ১-২ নাপোলি
এএস রোমা ২-০ ল্যাজিও
জুভেন্টাস ২-১ ভেরোনা
ইন্টার মিলান ৭-০ সাসুওলো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫