Skip to content

হ-য-ব-র-ল জাবি

স্টাফ রিপোর্টার ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন হ-য-ব-র-ল অবস্থা। ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন শিক্ষকরা। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে আন্দোলনে নেমেছেন ছাত্রলীগ ও বামপন্থি শিক্ষকরা। এছাড়া ভিসি ও তার স্ত্রী নেমেছেন প্রতীকী আন্দোলনে। শিক্ষকরা তার বাসার সামনে অবস্থান নেয়ায় তিনি মঙ্গলবার রাতে ভেতরে প্রবেশ করেননি। দ্বিতীয় দিনের মতো ভিসির বাসার সামনে অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষকরা। ভিসি বাসায় প্রবেশ না করা প্রসঙ্গে বলেন, একজন শিক্ষকও যদি আমার বাসার সামনে অবস্থান করেন সেেেত্রও আমি বাসায় প্রবেশ করবো না। অপরদিকে আন্দোলনকারী শিক্ষকরা জানান, আমরা কখনওই ভিসিকে বাসার ভেতরে বা বাইরে যেতে বাধা দিচ্ছি না। ভিসি ভেতরে না প্রবেশ করে নতুন নাটকের অবতরণা করছেন।

এছাড়া গতকাল দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী ও বামপন্থি শিক্ষকরা মানববন্ধন করেন। ‘আন্দোলনের নামে শিক্ষাজীবন ধ্বংস করা চলবে না, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনুন, সেশনজট মুক্ত শিক্ষাজীবন চাই’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন ও মৌন মিছিল করে ছাত্রলীগ। মানববন্ধনে আলী আকন্দ মামুন, হাসিবুর রহমান, মঈনুল আলমসহ আরও অনেক শিক্ষক যোগ দেন। শিক্ষক ফোরামের সদস্য সচিব কামরুল আহসান বলেন, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন থেকে ফিরে আসবো না। আমরা চাই ভিসির বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা হোক। এছাড়া শিক্ষামন্ত্রী আমাদের কথা দিয়েছিলেন তদন্তের ১৫ দিন কোন ধরনের নিয়োগ দেবেন না ভিসি। কিন্তু সম্প্রতি তিনজন ডিন অবৈধভাবে নিয়োগ দিয়েছেন তিনি। এছাড়াও টানা তৃতীয় দিনের মতো নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান।

রেজিস্ট্রারকে মুক্তি না দেয়া পর্যন্ত ধর্মঘট ও কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতি। গতকাল তারা রেজিস্ট্রারের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন। উল্লেখ্য, অর্থ আত্মসাৎ, মিডিয়াতে বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রদান, ভর্তি সংক্রান্ত অনিয়ম, শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারসহ ১৮টি অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে দীর্ঘ ছয় মাস ধরে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫