স্টাফ রিপোর্টার ॥ আগামী ২০১৪ সালের জন্য সরকারি ছুটির প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, চারটি সাপ্তাহিক ছুটিসহ আগামী বছর সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। এছাড়া নির্বাহী আদেশে সরকারি ছুটি আট দিন। এতে দুটি সাপ্তাহিক ছুটি অন্তর্ভূক্ত রয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সকল সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্বশাসিত ও আধা স্বায়ত্বশাসিত সংস্থাসমূহে এই ছুটি পালন করা হবে।
এর বাইরে যে কোন সম্প্রদায় তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, এজন্য বছরের শুরুতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমোদন নিতে হবে। ঐচ্ছিক ছুটি, সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটিও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে নেয়া যাবে।
এই ছুটি সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের বেলায় প্রযোজ্য হবে। তবে ব্যাংক, বীমা, ইন্সুরেন্স, ডাক ও তার, টেলিফোন, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত্ব শিল্প প্রতিষ্ঠান ও সংস্থা বা ব্যবসায়ী সংস্থা ও কলকারখানা যাদের নিজস্ব আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে তারা নিজস্ব আইনে জনস্বার্থ বিবেচনা করে ছুটি ঘোষণা করবে।
গত ৩ অক্টোবর মন্ত্রিসভা ২০১৪ সালের ছুটির তালিকা অনুমোদন করে। ২০১৩ সালেও সরকারি ছুটি ছিল ২২ দিন।
