Skip to content

ছাত্রলীগের চাঁদার মুখে মুহসীন হলের দোকান বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ ঈদ উপলক্ষে চাঁদা চাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের খাবারের দোকান বন্ধ করে দিয়েছেন দোকানদারেরা। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁরা একযোগে দোকান বন্ধ করে দেন। এর ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

তবে মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি বিষয়টি জানেন না বলে দাবি করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন দোকানদার বলেন, হল শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা ঈদ উপলক্ষে কয়েক দিন ধরেই তাঁদের কাছে চাঁদা চেয়ে আসছেন। ঈদের আগ মুহূর্তে চাঁদা দিতে গেলে তাঁদের নিজেদেরই ঈদ মাটি হয়ে যাবে। তাই বাধ্য হয়ে দোকান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে কারা চাঁদা চেয়েছেন, সে বিষয়ে দোকানদারেরা মুখ খুলতে রাজি হননি।

শিক্ষার্থীরা জানান, মুহসীন হলে ১৯টি দোকান রয়েছে। সেখান থেকে তাঁরা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন এবং বিভিন্ন সময় নাশতা করেন। এ ছাড়া ঈদ উপলক্ষে ইতিমধ্যেই হলের ক্যানটিন ও মেস বন্ধ হয়ে গেছে। তার ওপর দোকানও বন্ধ হয় গেলে চরম বিপাকে পড়বেন তাঁরা।

হলের প্রাধ্যক্ষ আলী আক্কাস বলেন, ‘দোকানদারেরা এমন অভিযোগ করেছে। কিন্তু কারা চাঁদা চেয়েছে সে বিষয়ে তারা মুখ খুলছে না। বিষয়টি প্রক্টরকে জানানো হয়েছে। রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কারা চাঁদা চেয়েছে তা খুঁজে বের করা হবে।’

প্রাধ্যক্ষ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারের শেষ সময়ে এরা যে কেন এমন কাণ্ড করে, তা বুঝি না।’

চাঁদা চাওয়ায় হলের খাবারের দোকান বন্ধের ব্যাপারে জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের সভাপতি মাকসুদ রানা মিঠু বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি সারা দিনই ক্যাম্পাসের বাইরে ছিলাম। সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫