বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ঘুমের মাঝে স্বপ্ন দেখা। তা আবার মনে রাখা। অনেকক্ষেত্রেই সহজ নয় বিষয়টি। ভুলে যাওয়ার হারই বেশি। কিন্তু স্বপ্ন মনে রাখার জন্যও নতুন অ্যাপ্লিকেশন উদ্ভাবন করছে প্রযুক্তি বিজ্ঞানীরা। সম্প্রতি মার্কিন প্রযুক্তি উদ্যোক্তারা ‘শ্যাডো’ নামে একটি অ্যাপ্লিকেশন তৈরির পরিকল্পনা করেছেন যা স্মার্টফোন ব্যবহারকারীকে স্বপ্ন রেকর্ড করে রাখতে সাহায্য করবে।
শ্যাডো নামের এই অ্যাপ্লিকেশনটির কাজ অনেকটাই অ্যালার্ম ঘড়ির মতো। তবে অ্যাপ্লিকেশনটিতে ভিন্ন যে ব্যাপারটি থাকছে তা হচ্ছে এর স্বপ্ন রেকর্ড করে রাখার ক্ষমতা। অ্যাপ্লিকেশনটি ঘুমানোর আগে চালু করে রাখলে পাঁচ থেকে ৩০ মিনিট পরে মৃদু আওয়াজে ঘুম ভাঙিয়ে দেবে এবং ব্যবহারকারীকে তাঁর স্বপ্ন মনে করতে কয়েকটি প্রশ্ন করবে।
ঘুম থেকে ওঠার পরপরই স্বপ্ন মনে থাকে। এ সুযোগে অ্যাপ্লিকেশনটি পাঁচ মিনিটের মধ্যে সদ্য দেখা স্বপ্ন রেকর্ড করে রাখার সুযোগ দেবে। পরবর্তীতে স্বপ্নের বিবরণ শুনে ঘুমের ধরন বিশ্লেষণ করতে পারবেন স্মার্টফোন ব্যবহারকারী।
