Skip to content

তামিম-মমিনুলের জুটির ফিফটিতে বাংলাদেশের লিড

স্পোর্টস ডেস্ক ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৫ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন দ্বিতীয় ইনিংস খেলতে নেমে শুরুটা ভালো হয়েছিল না। চতুর্থ দিন দলীয় ৫৫ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। তবে স্বাগতিকদের ব্যাটিংয়ে ভরসা হয়ে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছেন তামিম ইকবাল ও মমিনুল হক। দুই বাঁহাতি ব্যাটসম্যানের ফিফটি ও শতরানের জুটিতে লিড নিয়েছে বংলাদেশ।

প্রথম সেশনে তামিম-মমিনুলের জুটিতে ২ উইকেট হারিয়ে ৮৭ রানে পৌঁছায় দল। দ্বিতীয় সেশনে ১২৫ বলে চারটি বাউন্ডারিতে ফিফটি করেন তামিম। ক্যারিয়ারের এটি ১৪তম অর্ধশতক। কিছুক্ষণ পর ৭৭ বলে পাঁচ চারে তৃতীয় ফিফটি পান মমিনুল। অবিচ্ছিন্ন ১১৪ রানের জুটি গড়েছেন তারা।

এর আগে প্রথম সেশনে দলীয় ৩৯ রানে নেইল ওয়াগনারের প্রথম শিকার হন এনামুল হক। গত তিন ইনিংসের মতো শেষ ইনিংসেও ব্যাটিংয়ে দুর্বল পারফরমেন্স দেখিয়েছেন এই ওপেনার। চট্টগ্রামে খেলেছেন ৩ ও ১৮ রানের ইনিংস। ঢাকায় গত ম্যাচে ৭ রানে আউট হন, দ্বিতীয় ইনিংসে নেমে ২২ রানে স্লিপে দাঁড়িয়ে থাকা পিটার ফুলটনের হাতে ক্যাচ তুলে দেন তিনি।

মার্শাল আইয়ুব মাঠে নেমে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি তামিমকে। ব্যর্থতার পরিচয় দিয়ে মাত্র ৯ রানে রস টেলরের তালুবন্দি হন তিনি।

বাংলাদেশ: প্রথম ইনিংস- ২৮২/১০, দ্বিতীয় ইনিংস- ১৭৩/২, ৫৬ ওভার

তামিম ইকবাল- ৬০

মমিনুল হক- ৭৪

নিউজিল্যান্ড: প্রথম ইনিংস- ৪৩৭/১০

চতুর্থ দিন দুই উইকেট হাতে রেখে ৪১৯ রানে মাঠে নামে সফরকারীরা। এদিন প্রথম ইনিংসে আরও ১৮ রান যোগ করতে গুটিয়ে যায় তারা। দিনের তৃতীয় ওভারে ইশ সোধি ৫৮ রানে রান আউট হন। তিন ওভারের বিরতিতে আব্দুর রাজ্জাকের এলবিডব্লুর ফাঁদে পড়েন ট্রেন্ট বোল্ট (৪)। বিজে ওয়াটলিং অপরাজিত ছিলেন ৭০ রানে।

সফরকারীদের হয়ে সেরা রান করেছেন কোরি এন্ডারসন। ১১৬ রান এসেছে তার ব্যাট থেকে। সোধি ও ওয়াটলিং ছাড়াও ফিফটির দেখা পেয়েছিলেন কেন উইলিয়ামসন (৬২) ও রস টেলর (৫৩)।

বাংলাদেশের পক্ষে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট পান সাকিব আল হাসান। দুটি নিয়েছেন আব্দুর রাজ্জাক। একটি করে দখলে নেন নাসির হোসেন ও আল-আমিন হোসেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫