Skip to content

রানের পাহাড়ে চাপা পড়লো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক ॥ পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিন থেকে দুর্ভাগ্য সঙ্গী হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। প্রথম দিনে ব্যাটিংয়ে নেমে ৯৯ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় দিনে উপমহাদেশের দলটা দেখেছে দক্ষিণ আফ্রিকান টেস্ট দলের অধিনায়ক গ্রায়েম স্মিথের অপরাজিত ডাবল সেঞ্চুরির পাশাপাশি সীমিত ওভারের দলের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত সেঞ্চুরির ইনিংস। ফলে দিনের খেলা শেষ হওয়ার সময়ে দক্ষিণ আফ্রিকানদের স্কোরবোর্ডে চার উইকেটের বিনিময়ে ৪৬০ রান। আর লিড ৩৬১ রানের। বলা যায় স্মিথ এবং ডি ভিলিয়ার্সের ব্যাটের নিচে চাপা পড়েছে পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকান দল আগের দিনের তিন উইকেটে তোলা ১২৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল। স্মিথ ৬৭ এবং নাইটওয়াচম্যান ডেল স্টেইন ৭ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামেন। দক্ষিণ আফ্রিকান স্কোরবোর্ডে পাকিস্তানী বোলাররা আঁচড় কাটতে পেরেছে একবারই। সাফল্য বলতে কেবল ডেল স্টেইনের উইকেট। আগের দিনের রানের সাথে আর কোনো রান যোগ করার আগেই মোহাম্মদ ইরফানের বল ছিন্নভিন্ন করে দেয় স্টেইনের স্ট্যাম্প।

এরপরের সময়টুকু একান্তভাবেই স্মিথ এবং ডি ভিলিয়ার্সের। দিনের প্রথম সেশনটা যদি হয় স্মিথের, তাহলে দ্বিতীয় সেশনটা ডি ভিলিয়ার্সের। পেসার মোহাম্মদ ইরফানের বলে অবশ্য উইকেটের পেছনে ব্যক্তিগত শূন্য রানে ডি ভিলিয়ার্স ক্যাচ দিলেও বেঁচে যান আদনান আকমলের ব্যর্থতায়। ফলে চা বিরতির আগেই পূর্ণ হয়ে যায় তার সপ্তদশ টেস্ট সেঞ্চুরি।

দিনের প্রথম সেশনেই ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি পূর্ণ হয়ে যায় স্মিথের। চা বিরতিতে যাওয়ার সময়টাতে স্মিথের ব্যক্তিগত সংগ্রহ ছিল ১৬৫ রান।

দুবাইয়ের ব্যাটিং পিচে বোলাররা কোনো ধরনের সহায়তাই পাননি। বোলারদের দুর্বলতা কাজে লাগিয়ে পাকিস্তানী পেস এবং স্পিন আক্রমণ ভোঁতা করে এগিয়ে যান দুই ব্যাটসম্যান। চা বিরতির সময়টাতে পঞ্চম উইকেটে দু’জনে ২০৩ রানের ভাগিদারী গড়লে দক্ষিণ আফ্রিকানদের লিড হয়ে যায় ২৩৮ রানের।

চা বিরতির পর বারবার বোলার পরিবর্তন করেও সাফল্য পাননি পাকিস্তানী অধিনায়ক মিসবাহ উল হক। দিনশেষে গ্রায়েম স্মিথ ২২৭ এবং ডি ভিলিয়ার্স ১৫৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ততক্ষণে প্রোটিয়াদের লিড ৩৬১ রানের। আর স্মিথের ক্যারিয়ারে জমা হয়ে গেছে পঞ্চম ডাবল সেঞ্চুরি। এই বড় অর্জনের পথ্যে স্মিথ সেঞ্চুরি হাঁকিয়েছেন মাত্র ১৪টি।

প্রোটিয়ারা হাতে ছয়টি উইকেট নিয়ে আজ তৃতীয় দিনে মাঠে নামবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫