Skip to content

বছরে ৩০০ রেলকর্মীর প্রাণ যায় ভারতে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ রেললাইনকে নিরাপদ রাখতে যেয়ে ভারতে প্রতিবছর গড়ে ৩০০ রেলকর্মীকে প্রাণ দিতে হয়। লাইন পরীক্ষার সঙ্গে জড়িত কর্মীরা কর্মরত অবস্থায় দুর্ঘটনায় শিকার হয়ে প্রাণ হারান। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, রেল চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে দায়িত্বে নিয়োজিত এসব কর্মীর বেশির ভাগই ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক ভাবে নিহত হয়ে থাকেন।

পরিসংখ্যানের দিক থেকে ভারতের রেলওয়ের এ জাতীয় চাকরি দেশটির মাওবাদী গেরিলা অধ্যুষিত এলাকায় দায়িত্ব নিয়োজিত নিরাপত্তা বাহিনীর দায়িত্ব পালনের চেয়ে বিপদজনক বলে প্রমাণিত হয়েছে।

গত বছর দেশটিতে এভাবে দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৮৫ রেলকর্মী । অন্যদিকে মাওবাদী গেরিলাদের হামলায় একই সময়ে নিহত হয়েছেন ভারতীয় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর ৩৭ সদস্য। অর্থাত যুদ্ধ অঞ্চলে দায়িত্ব পালন করতে যেয়ে যত সিআরপিএফ সদস্য নিহত হয়েছেন তার চেয়ে ৮ গুণ বেশি রেলকর্মী নিহত হয়েছেন কেবলমাত্র রেল পথের নিরাপত্তা নিশ্চিত করার মত অসামরিক দায়িত্ব পালন করতে যেয়ে।

দেশটিতে গত ৪ থেকে ৫ বছর ধরে গড়ে এ হারে রেল কর্মীরা নিহত হচ্ছেন বলে স্বীকার করেছেন ভারতের রেলওয়ে বোর্ডের সদস্য (প্রকৌশলী) এস কে জাইন। এ ছাড়া ভারতের এক লাখ কিলোমিটার রেলপথ নিরাপদ রাখার দায়িত্ব পালন করতে চেয়ে গত বছর আহত হয়েছেন আরো ৮০০ রেলকর্মী।

অবশ্য, কোনো কোনো বছরে নিহতর সংখ্যা ৫০০ পর্যন্ত হয়েছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া রেলওয়েমেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র।

দিন রাত বা শীত গ্রীষ্ম বা বর্ষা কখনোই দায়িত্ব থেকে অব্যাহতি পাননা ভারতের রেলকর্মীরা। রাতের অন্ধকার টর্চ জ্বেলে তাদের পরীক্ষা করতে হয় রেল লাইন। এ সময়ে সবচেয়ে বেশি ট্রেনে চাপা পড়ার ঘটনা ঘটে।

অবশ্য, আগে প্রতিবছর এভাবে বছরে ৪০০ রেল কর্মী নিহত হলেও এ সংখ্যা হ্রাস করা গেছে । এ কথা জানিয়েছেন এস কে জাইন। তিনি বলেন, এ সংখ্যাও গ্রহণ যোগ্য নয় এবং রেল লাইন পরীক্ষার একটি নতুন প্রযুক্তি ব্যবহার করা দরকার।

এদিকে, ভারতের রেল কর্তৃপক্ষ লোকবল ব্যবহার করে রেল লাইন পরীক্ষা করার আদিম পদ্ধতির বদলে ‘রেইলসোনিক’ নামের আধুনিক একটি পদ্ধতি ব্যবহারের পরিকল্পনা করেছে।

এ পদ্ধতিতে রেল লাইনের মাধ্যমে আলট্রসোনিক ওয়েব বা অতিশব্দের তরঙ্গ প্রেরণ করা হবে। এ শব্দ-তরঙ্গ বিশেষ যন্ত্রের মাধ্যমে ধারণ করলে বোঝা যাবে লাইনের কোথাও ফাটল বা অন্য কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা। দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর কাছ থেকে এ পদ্ধতি ক্রয় করেছে ভারত। সূত্র: আইআরআইবি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫