Skip to content

হরতালে অস্থির নিত্যপণ্যের বাজার

স্টাফ রিপোর্টার ॥ হরতালের দ্বিতীয় দিনে এসে নিত্যপণ্যের বাজার আরও অস্থির হয়ে পড়েছে। বিশেষ করে সব ধরনের সবজির দাম কেজিপ্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। ৫০ টাকার নিচে বাজারে মিলছে না কোনো সবজি। সেই সঙ্গে চালের বাজারেও দাম বেড়েছে। সব ধরনের চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৪ থেকে ৫ টাকা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বিক্রেতারা জানান, হরতালের কারণে পাইকারি বাজারে পণ্যের সরবরাহ কম। চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় সব পণ্যই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতা কবীর হোসেন বলেন, বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়ে গেছে। টানা তিন দিনের হরতালের কারণেই এমনটি হচ্ছে। দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা দূর না হলে সঙ্কট বাড়তেই থাকবে। আর না খেয়ে মরতে হবে আমাদের মতো সাধারণ মানুষকে।

কাঁচাবাজারে আজ দেখা গেছে, প্রতি কেজি বেগুন ৬০ টাকা ছাড়িয়েছে। বাজার ভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। এছাড়া শসা ৫০, কাঁচামরিচ ১২০, শিমের দাম বেড়ে ৭০ থেকে ৮০ টাকা, মুলা ৫০, আলু ১৫, গাজর ৮০, করলা ৬০, ঢেঁড়স ৭০, পটোল ৫০, পেঁপে ২০, বরবটি ৬০, টমেটোর দাম বেড়ে ১০০ থেকে ১২০ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, লাউ ৬০ থেকে ৭০ টাকা, কচুর মুখি ৩০ থেকে ৪০ টাকা, কচুর লতি ২৫, মিষ্টিকুমড়া ৬০ থেকে ৭০ টাকা, কাঁচকলা হালি ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস ফুলকপির দাম বেড়ে ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপির দাম বেড়ে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারে মাঝারি আকারের ইলিশ মাছের কেজি ৭০০ থেকে ৮০০ টাকা। এছাড়া সরপুঁটি ১৪০, গ্রাসকার্প ১৫০, কাতলা মাছ ২৫০, রুই মাছ ২৫০, নলা ২০০, কার্ফু ১২০, তেলাপিয়া ১৫০, পাঙ্গাশ ১২০, চাপিলা ১২০, চিংড়ি বড় ৮০০, চিংড়ি ছোট ৫৬০, বোয়াল ৩০০, শিং মাছ ৩৫০, কৈ মাছ ১৮০, টাকি ২৪০, কাচকি মাছ ২০০, মলা ২৬০, পাবদা ৪৫০, টেংরা মাছ ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আকার অনুযায়ী প্রতিটি দেশি মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। গরুর মাংস ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুদি দোকান ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পিঁয়াজ ১০০-১১০ টাকা, ভারতীয় পিঁয়াজ ১০০, চায়না বড় রসুন ৭০, দেশি রসুন ৮০, আদা ১৫০, শুকনা মরিচ ১৬০, হলুদ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া আটা (প্যাকেট) ৩৯ ও ময়দা (প্যাকেট) ৪৯ টাকা। দেশি মশুর ডাল ১১০, ভারতীয় মশুর ডাল ৭৬, খেসারি ডাল ৪৫, মুগ ডাল ১২০, ছোলা ৫৮, অ্যাঙ্কর ডাল ৪৫, মাষকলাই ৯০, বুট ৬০, চিনি ৪৫ টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন ১১৬ ও বোতলজাত সয়াবিন ১৩০ টাকা, পাম সুপার ৮৫ টাকা লিটার হিসেবে বিক্রি হচ্ছে।

চালের বাজারে প্রতি কেজি নাজিরশাইল ৫৬, মিনিকেট ৪৮, লতা আটাশ ৩৮ থেকে ৪০ টাকা, মোটা চাল ৪০ টাকা, জিরা নাজির ৫৪, আটাশ ৪০, পাইজাম ৩৮, পারিজা ৩৮, বিআর-২৮ ৪০ থেকে ৪২ টাকা, বিআর-২৯ ৪০ ও হাসকি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫