জেলা প্রতিনিধি, চাঁদপুর ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সন্ধ্যায় চাঁদপুরের ৭টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ৪টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় বসে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করবেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর ক্লাব প্রাঙ্গণে প্রধানমন্ত্রী এসব উদ্বোধন অনুষ্ঠান সরাসরি দেখা যাবে। ভিডিও কনফারেন্সে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এ সময় প্রায় ১ হাজার ৬শ’ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন ৭টি প্রকল্প এবং ২শ’ ৩৭ কোটি ব্যয়ে নির্মিতব্য ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
যেসব প্রকল্প উদ্বোধন করা হবে সেগুলো হলো- চাঁদপুর ১৬৩ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, মেঘনা নদীর ভাঙন থেকে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা সংরক্ষণ (হাইমচর), মেঘনা নদীর ভাঙ্গন থেকে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা সংরক্ষণ (চাঁদপুর), চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল, চাঁদপুর প্রেস ক্লাবের নবনির্মিত বহুতল ভবন, মহান মুক্তিযুদ্ধে শহীদ স্মরণে স্মৃতিস্তম্ভ ও চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস।
এছাড়া প্রস্তাবনাধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনলজি, কোস্টগার্ড স্টেশন নির্মাণ, পৌরসভার নতুন ভবন নির্মাণ, পৌরসভার তত্ত্বাবধায়নে বোটানিক্যাল গার্ডেন ও শিশুপার্ক নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করা হবে।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে চাঁদপুর ক্লাব প্রাঙ্গণে ৬০০ জনের বসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতিও শেষ করা হয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন জানান, অনুষ্ঠানে সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতাদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
