Skip to content

ব্রাজিলের টিকিট পেল ক্যামেরুন

স্পোর্টস ডেস্ক ॥ আগের দিন ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল আফ্রিকার দুই দেশ নাইজেরিয়া ও আইভোরি কোস্ট। আর রোববার আফ্রিকা মহাদেশের তৃতীয় দল হিসেবে ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ক্যামেরুন। বাছাই পর্বের ফিরতি লেগে তিউনিশিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে সপ্তমবারের মতো তারা বিশ্বকাপে খেলার মর্যাদা অর্জন করল। প্রথম লেগে তিউনিশিয়ার মাঠে এই দুই দলের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়েছিল।
১৯৮২ সাল থেকে একবার ছাড়া প্রতি বিশ্বকাপে উত্তীর্ণ হওয়ার গৌরব রয়েছে আফ্রিকার ‘অদম্য সিংহ’ বলে খ্যাত ক্যামেরুনের। শুধু ২০০৬ সালে বাছাইপর্বের খেলায় মিশরের বিরুদ্ধে পেইরে ওমে টাইব্রেকার শট মিস করায় সেবারের জার্মানির বিশ্বকাপটাও মিস হয় তাদের। তবে ১৯৯০ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে তারা বেশ সাড়া জাগিয়ে ফেলেছিল। তবে এরপর আর ওই পর্যায়ে পৌঁছতে পারেনি তারা।
রোববার ঘরের মাঠের ফিরতি লেগে খেলার চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ক্যামেরুন। গোল করেন পিয়েরে অ্যাকিলি ওয়েবো। ৩১ বছর বয়সী স্ট্রাইকার ওয়েবোর এটি ছিল ১৭তম আন্তর্জাতিক গোল। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক স্ট্রাইকার বেঞ্জামিন মোকানজু। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন তিনি। ২-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা তিউনিশিয়ার পক্ষে ৫১ মিনিটে ব্যবধান কমান বদলি স্ট্রাইকার আহমেদ আকাইসি। আক্রমণ-প্রতি আক্রমণে লড়াইয়ের আভাস মেলে তখন। কিন্তু ২০ মিনিটের ব্যবধানে মিডফিল্ডার জ্য ম্যাকুনের জোড়া গোলে ব্রাজিল যাত্রা নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। ৬৬ মিনিটে একটি কর্নার কিকে মাথা ছুঁইয়ে প্রথম গোলটি করেন তিনি। ক্যামেরুনের প্রাণভোমরা স্যামুয়েল এতো এদিন কোন গোল পাননি। তবে কিন্তু সমপ্রতি ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দেয়া এই স্ট্রাইকারের কর্নার শট থেকেই গোলটি করেন ম্যাকুনে। আর খেলার শেষ বাঁশি বাজার ৪ মিনিট আগে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ক্যামেরুনকে ৪-১ ব্যবধানের জয় এনে দেন ম্যাকুনে। তিউনিসিয়ার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্নের সমাধি রচনা হয় তখনই। এর আগে তারা ১৯৮৬ সালে একবার মাত্র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫