জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ॥ জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ভারতের আগরতলা বন্দর কর্তৃপক্ষ আমদানি পণ্যের পরিবহন খরচসহ অন্যান্য ক্ষেত্রে অতিরিক্ত চার্জ বৃদ্ধি করায় সে দেশের ব্যবসায়ীরা আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৭ নভেম্বর আগরতলা ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আন্তঃ শুল্ক স্থলবন্দর) চালু হয়। আধুনিকভাবে বন্দরটি চালু হওয়ার পর বন্দর কর্তৃপক্ষ পণ্যবাহী ট্রাক পাকিং, ওয়েট ব্রিজ, লেবার চার্জসহ অন্যান্য ক্ষেত্রে চার্জ দ্বিগুণ বৃদ্ধি করে। এতে আগরতলা আমদানি-রফতানিকারক ব্যবসায়ীরা এ অতিরিক্ত চার্জ গুণে পণ্য আমদানি করতে অনীহা প্রকাশ করছে। তারা কাস্টমস কর্তৃপক্ষের কাছে এ অতিরিক্ত চার্জ কমানোর দাবি জানিয়ে আসছে এবং তাদের দাবি না মানা পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়।
আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার (শুল্ক ও ভ্যাট) মিয়া নাজমুল হক জানান, এটা আমাদের দেশের কোনো সমস্যা না। আগরতলা বন্দর কর্তৃপক্ষ আগের তুলনায় দ্বিগুণ চার্জ বৃদ্ধি করায় সে দেশের আমদানিকারক ব্যবসায়ীরা এখন বাংলাদেশ থেকে পণ্য নিচ্ছে না। তবে বন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।
