স্পোর্টস ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। এ জয়ে বড় অবদান রেখছে দুই অভিষিক্ত ক্রিকেটার আনোয়ার আলি এবং বিলাওয়াল ভাট্টির অলরাউন্ড নৈপূণ্য।
রোববার কেপটাউনে পাকিস্তান ২৩ রানে স্বাগতিকদের হারিয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো।
জয়ের জন্য ২১৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দুই বছর পর ওয়ানডে খেলতে নামা অভিজ্ঞ জ্যাক ক্যালিস এবং জেপি ডুমিনি কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও পরাজয় ঠেকাতে পারেননি। শেষ পর্যন্ত ১১ বল হাতে রেখেই ১৯৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।
ক্যালিস ৭১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫০ এবং ডুমিনি ৪৯ রান করেন। পেসার বিলাওয়াল ভাট্টি ৩৭ রানে ৩, আনোয়ার আলি ২৪ রানে ২ এবং তারকা অফস্পিনার সাঈদ আজমল ২৮ রানে ২ উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপে ধ্স নামান।
এর আগে টস জিতে পাকিস্তান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দলীয় ১৩১ রানে ৭ উইকেট হারানো পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি গড়তে সাহায্য করেন দুই নবাগত আনোয়ার ও ভাট্টি।
মাত্র ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে ভাট্টি আউট হলেও আনোয়ার শেষ পর্যন্ত ৫৫ বলে ৬ চারের সাহায্যে অপরাজিত ৪৩ রানের মূল্যবান ইনিংস খেলে দলকে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২১৮ রানের সংগ্রহ এনে দেন। এছাড়াও ওপেনার আহমেদ শেহজাদ ৩৫ ও শহীদ আফ্রিদি ২৬ রান করেন।
স্বাগতিকদের পক্ষে ডেল স্টেইন ৩৩ রানে এবং মরনে মরকেল ৩৯ রানে ৩টি করে উইকেট নেন। ক্যালিস নেন ৫৩ রানে ২ উইকেট।অলরাউন্ড নৈপূণ্যের কারণে অভিষেক ম্যাচেই আনোয়ার আলি ম্যাচসেরা পুরস্কার জিতে নেন।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৫০ ওভারে ২১৮/৯(আনোয়ার অপঃ ৪৩, ভাট্টি ৩৯, শেহজাদ ৩৫, আফ্রিদি ২৬, জামশেদ ২৪, মাকসুদ ২২, স্টেইন ৩/৩৩, মরকেল ৩/৩৯, ক্যালিস ২/৫৩)
দক্ষিণ আফ্রিকা ৪৮.১ ওভারে ১৯৫(ক্যালিস ৫০, ডুমিনি ৪৯, ডি কক ১৯, মরকেল ১৭, স্টেইন ১৫, ভাট্টি ৩/৩৭, আনোয়ার ২/২৪, আজমল ২/২৮)
