বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দুই দফায় বাড়িয়ে টানা ৭১ ঘণ্টার অবরোধ শেষ হলে আগামী সপ্তাহে আবারো টানা একই কর্মসূচির কথা ভাবছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। বিএনপি ও জোটের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে তাদের এমন ভাবনার কথাই জানা যায়। সেক্ষেত্রে শনিবার থেকে নতুন কর্মসূচি শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও রোববারের কথাও বলছেন নেতারা। তবে কর্মসূচি শুরুর দিন নির্দিষ্ট করবেন জোট নেতা বেগম খালেদা জিয়া।
গত ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এর প্রতিবাদে ৪৮ ঘণ্টা দেশব্যাপী সড়ক, নৌ ও রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করে ১৮ দল। যদিও পরবর্তীতে দুই দফায় বাড়িয়ে এ কর্মসূচি ৭১ ঘণ্টা করে বিরোধী জোট। যা শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত করা হয়।
তবে বৃহস্পতিবার বিকেলে তৃতীয় দিনের অবরোধচিত্র তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী নতুন কোনো কর্মসূচি ঘোষণা না করলেও তিনি জানান, আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। সময়মতো কর্মসূচি জানানো হবে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ ডিসেম্বর সোমবার সামনে রেখে আবারো টানা অবরোধ কর্মসূচি দেয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া নির্বাচন কমিশন এবং সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচিও আসতে পারে বলে জানা গেছে। তবে নতুন কর্মসূচি শনিবার না রোববার থেকে শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
সূত্র আরো জানায়, কর্মসূচি যাই হোক দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো কর্মদিবস খালি না রাখার কথা ভাবছে ১৮ দল। সেক্ষেত্রে শুক্রবার দেশব্যাপী গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কোনো ধরণের উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হলে সেক্ষেত্রে শনিবারও কর্মসূচি দেয়া হতে পারে।
বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সংলাপের জন্য সরকারকে চাপে রাখতে টানা কয়েকদিন অবরোধ পালন করলেও সরকার ইতিবাচক কোনো পদক্ষেপ নিচ্ছে না। উল্টো সরকার কঠোর হবে এমন কথা শুনে তারা টানা কঠোর কর্মসূচির কথা ভাবতে বাধ্য হচ্ছে। সে কারণে চলতি সপ্তাহে অবরোধের সময়সীমা দুই দফা বাড়ানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন শীর্ষ নেতা বলেন, আগামী সপ্তাহের শুরু থেকে আবারো টানা অবরোধের কর্মসূচি দেয়া হতে পারে। এছাড়া তিন দিনের অবরোধে দেশের বিভিন্ন স্থানে নয়জন নেতাকর্মী নিহত হয়েছেন, অসংখ্য আহত ও গ্রেফতার হয়েছে। তাই কর্মসূচি অব্যাহত না রাখলে তাদের মনোভাব ভেঙে যাবে।
বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, “সরকার যে ধরণের আচরণ করছে তাতে কঠোর কর্মসূচির বিকল্প নেই। তাই এখন পর্যন্ত অবরোধের চিন্তা রয়েছে। তবে কর্মসূচি শনিবার না রোববার থেকে শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি।”
১৮ দলের একজন শীর্ষ নেতা বলেন, “আমাদের এখন আর পেছনে তাকানোর সুযোগ নেই। তাই আগামী সপ্তাহেও টানা অবরোধসহ ঘেরাওয়ের কর্মসূচিও আসতে পারে।”
