স্পোর্টস ডেস্ক ॥ ভারতের ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারের প্রশংসা করে খবর প্রকাশ করায় পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোকে হুমকি দিয়েছে সে দেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান। সংগঠনের মুখপাত্র শহিদুল্লাহ শহিদ এক ভিডিও বার্তায় টেন্ডুলকারের অবসরের পর তাকে নিয়ে অনবরত সংবাদ প্রকাশের নিন্দা জানিয়েছেন। ভবিষ্যতে এমন খবর প্রকাশ না করার পরামর্শও দিয়েছেন তারা। মুখোশ পরিহিত শহিদুল্লাহ তার বার্তায় বলেন, ‘আমরা নিয়মিতই পাকিস্তানের মিডিয়াগুলোর সংবাদ ও বিবৃতি মনিটরিং করি। গত তিন সপ্তাহ ধরে ভারতের ক্রিকেটার শচীন টেন্ডুলকারের অবসর নিয়ে খুবই মাতামাতি করা হচ্ছে। ভারতীয় একজন ক্রিকেটারকে নিয়ে পাকিস্তানি মিডিয়ার এমন প্রশংসায় পঞ্চমুখ হওয়া খুবই দুঃখজনক।’
তবে তিনি পাকিস্তানি সংবাদমাধ্যমকে দেশটির অধিনায়ক মিসবাহ-উল-হকের প্রশংসা করার জন্য উদ্বুদ্ধ করেছেন। বলেন, ‘পাকিস্তানের মিডিয়া শচীনের বন্দনা করলেও দেশটির অধিনায়ক মিসবাহকে নিয়ে সমালোচনায় মুখর। আপনারা তার প্রশংসা করুন আর শচীন বন্দনা বন্ধ করুন। কোন সন্দেহ নেই, শচীন একজন বড় মাপের খেলোয়াড় কিন্তু সে একজন ভারতীয়- এটা পাকিস্তানিদের মনে রাখতে হবে।’
উল্লেখ্য, ২২ বছর ক্রিকেট মাঠে দাপিয়ে বেড়ানোর পর ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ড নিজের করে নিয়ে গত ১৬ই নভেম্বর ক্রিকেট থেকে অবসর নেন ভারতের ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।
