বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতের তেহেলকা ম্যাগাজিনের সম্পাদক তরুণ তেজপালকে গ্রেফতার করতে তার নয়াদিল্লির বাড়িতে আজ শুক্রবার অভিযান চালিয়েছে গোয়া রাজ্য পুলিশ। ৭ সদস্যের একটি দল সকাল ৬টার দিকে তার বাড়িতে যায়। এ সময় পুলিশ তাকে বাড়িতে খুঁজে পায়নি। প্রায় এক ঘণ্টা ধরে পুলিশ তেজপালের স্ত্রী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ফিরে আসে।
পুলিশ জানিয়েছে, তেজপাল কোথায় আছেন তা জানাতে তার পরিবারের সদস্যরা ক্রাইম ব্রাঞ্চকে সহযোগিতা করছেন না। ধারণা করা হচ্ছে, হিমাচল প্রদেশের বাড়িতে আত্মগোপন করতে পারেন তিনি।
গোয়া রাজ্য পুলিশের সামনে তেহলকা সম্পাদকের হাজিরা দেওয়ার ডেডলাইন ছিল বৃহস্পতিবার। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা তেহলকার প্রাক্তন সাংবাদিক গোয়া ম্যাজিস্ট্রেটের কাছে বুধবার তাঁর জবানবন্দি রেকর্ড করেন। এরপরেই গোয়া পুলিশ তেজপালের নামে জামিন অযোগ্য ধারায় সমন জারি করে।
অবশ্য গোয়া রাজ্য পুলিশ কার্যালয়ে গিয়ে জবানবন্দী দেওয়ার জন্য আগামীকাল শনিবার পর্যন্ত সময় নিয়েছিলেন তিনি। কিন্তু তার আগেই তিনি আত্মগোপনে চলে গেলেন। তবে তেজপালের আইনজীবীরা জানিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যেই তিনি আদালতে হাজিরা দিবেন এবং তদন্ত কাজে পুলিশকে সহায়তা করবেন।
উল্লেখ্য, তেজপাল তেহেলকা ম্যাগাজিনের এক মহিলা কর্মীর সঙ্গে গোয়াতে অসদাচরণ করেছিলেন এই অভিযোগের পটভূমিতেই সম্পাদকের দায়িত্ব থেকে তিনি নিজে থেকেই ছ’মাসের জন্য অব্যাহতি নেন। তবে তার পদত্যাগের ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হলে যৌন নিগ্রহের শিকার সেই মহিলা সাংবাদিকের ঘনিষ্ঠজনরা ভারতের টিভি চ্যানেলগুলোকে জানিয়ে দেন গোয়াতে তেহেলকারই বার্ষিক একটি কর্মসূচিতে ওই মহিলা তেজপালের হাতে যৌন নিগ্রহের শিকার হন।
