বিনোদন ডেস্ক ॥ নিঃসঙ্গতার মাঝেই সুখ সন্ধান করছেন ‘হ্যানামন্টেনা’খ্যাত মার্কিন গায়িকা ও অভিনেত্রী মাইলি সাইরাস। তিনি বিচ্ছেদ যন্ত্রণা ভুলতে সঙ্গীতচর্চা ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েই দিন পার করছেন। আর এ সময়টাকেই সবেচেয়ে সুখের বলে অভিহিত করেছেন স্বাধীনচেতা মাইলি।
ডেইলি মেইলের খবরে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে বাগদান ভেঙে যাওয়ার পর মাইলি নিঃসঙ্গ হয়ে পড়েন। এরপর অনেক সাধনা করে নিজের মনকে শক্ত করেন তিনি।
সম্প্রতি নিউইয়র্কের অভিজাত এক হোটেলে একাধিক বন্ধুর সঙ্গে ডিনার করতে দেখা গেছে তাকে। গভীর রাত পর্যন্ত তারা হোটেলে অবস্থান করেন। বিচ্ছেদের পর প্রথম মাইলেকে জনসম্মুখে এমন হাসিখুশি দেখা গেছে। শুধু তাই নয়, তিনি একের পর এক স্টেজশোতেও অংশগ্রহণ করছেন।
এ প্রসঙ্গে ২০ বছর বয়সী মাইলি বলেন, ‘প্রেম-ভালোবাসা ও বিচ্ছেদ মানুষের জীবনেরই একটা অংশ। তাই আমি কখনোই মনে করি না যে ব্রেকআপ হলেই জীবনের সব সুখ বিনিষ্ট হয়। এ মুহূর্তে আমি জীবনের সেরা সময় পার করছি।’
সূত্রটি আরো জানিয়েছে, ২০০৯ সালের জুনে ‘দ্য লাস্ট সং’ ছবির মাধ্যমে মাইলি ও লিয়ামের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০১২ সালের জুনে বাগদান সম্পন্ন করেন এ জুটি। লস অ্যাঞ্জেলেসে এক ছাদের নিচে বসবাসও শুরু করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের সম্পর্ক স্থায়ী হলো না।
