স্পোর্টস ডেস্ক ॥ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন এক বছর পর। সেটাকেই পরিণত করলেন ডাবলে। আর রস টেলরের অপরাজিত ২১৭ রানের উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডানেডিন টেস্টের দ্বিতীয় দিন নিউজিল্যান্ড গড়েছে রানের পাহাড়। ৯ উইকেটে ৬০৯ রানে ইনিংস ঘোষণা করে তারা।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ৬৭ রানে। অর্থাৎ এখনও তারা পিছিয়ে ৫৪২ রানে। বুঝতেই পারছেন ডানেডিন টেস্টে ফলোঅন এড়ানোটাই এখন চ্যালেঞ্জ ক্যারিবিয়ানদের।
আগের দিনের ১০৯ রান নিয়ে খেলতে নেমে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ১১৩ রানেই বোল্ড হন ড্যারেন স্যামির বলে। এরপর মিডলঅর্ডার আর টেলএন্ডারদের নিয়ে লড়াই করে টেলর স্কোরটা পার করান ৬০০। আগের ব্যাক্তিগত সেরা ১৫৪ রানের ইনিংস পেরিয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পান তিনি। ৩১৯ বলে ১৭ বাউন্ডারিতে অপরাজিত ২১৭ রানে ইনিংসটি সাজিয়েছিলেন টেলর। এছাড়া ওয়াটলিং ৪১ ও ওয়াগনার করেন ৩৭।
জবাবে এডওয়ার্ডস (০) ও পাওয়েলের (৭) উইকেট দুটো হারিয়ে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৭ রানে ব্রাভো ও স্যামুয়েলস অপরাজিত রয়েছেন ১৪ রানে।
