জেলা প্রতিনিধি, নোয়াখালী ॥ নোয়াখালীর সূবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুলের গ্রেফতারের প্রতিবাদে ও দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নির্যাতন ও আটকের প্রতিবাদে নোয়াখালীর সূবর্ণচর উপজলা সকাল-সন্ধ্যার হরতাল চলছে । সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে স্থানীয় উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির ডাকে সকাল ৬টা থেকে স্থানীয় বিভিন্ন সড়কে টায়ারে আগুন, ইট ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধের মধ্য দিয়ে এ হরতাল কর্মসূচি শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ৬টা থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপজেলার চরজাব্বার হারিছ চৌধুরীর বাজার,চর ভাটা খাসের হাট বাজার,সেন্টার বাজার,খাসের হাট চৌরাস্তা,পরিস্কার বাজার,চর জুবিলী এলাকায় হরতালের সমর্থনে খন্ড খন্ড মিছিল বের করেছে।
এদিকে সকাল সাড়ে ৮টার দিকে চরজাব্বার বিএনপির সভাপতি সফিক উল্ল্যার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা।
অপর দিকে সকাল ৯টায় সূবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় উপজেলার নেতাকর্মীরা । বিক্ষোভ মিছিলটি থানার মোড় থেকে শুরু হয়ে উপজেলার হারিছ চৌধুরীর বাজারে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
এসময় সমাবেশে তিনি বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুলকে নিঃশর্ত মুক্তি না দিলে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।
চর জাব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল কবির জানান, নাশকতা ও সহিংসতা প্রতিরোধে উপজলার বিভিন্ন স্থানে পুলিশের টহল অব্যাহত রয়েছে।
