স্পোর্টস ডেস্ক ॥ ম্যাচ বাঁচাতে দরকার ছিল পুরো দিন ব্যাট করার। অ্যাডিলেড টেস্টের শেষ দিনে ইংল্যান্ডের শেষ চার ব্যাটসম্যান টিকলেন না এক ঘণ্টাও। পরিস্থিতির সঙ্গে বেমানান পাগুলে ব্যাটিংয়ে ৭০ বলে ৬৫ রান যোগ করেই ইনিংস শেষ! ২১৮ রানে জিতে অস্ট্রেলিয়া সিরিজে এগিয়ে গেল ২-০ ব্যবধানে। অ্যাশেজ পুনরুদ্ধার প্রায় নিশ্চিতও করে ফেলল বলা যায়। পরের টেস্টটাই পার্থে। ওয়াকার গতিময় উইকেটে এর আগে খেলা ১২ টেস্টের মাত্র একটিতেই জিততে পেরেছে ইংল্যান্ড।
এই সিরিজের আগে নয় টেস্টের একটিতেও জিততে পারেনি যে দল, সেই অস্ট্রেলিয়া টানা দুটি টেস্ট জিতল দারুণ দাপটে। আবারও জয়ের ধারায় ফিরতে পারাটাকেই বড় করে দেখছেন অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক, ‘শেষ পর্যন্ত আমরা জিততে পারছি, আমার কাছে এটাই সবচেয়ে স্বস্তির ব্যাপার।’ তবে আবারও টেস্ট আঙিনায় শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে হলে যে অনেক পথ পাড়ি দিতে হবে, দলের খেলোয়াড়দের মনে করিয়ে দিলেন এটাও, ‘আমাদের বাস্তববাদী হতে হবে। গত ১২ মাসে এটা আমাদের দ্বিতীয় জয়—গর্ব করার মতো কোনো বিষয় নয়। এক নম্বর স্থানটা ফিরে পেতে আমাদের অনেক কাজ করতে হবে। আমাদের লক্ষ্য ওটাই।’ এই সিরিজের আগে অস্ট্রেলিয়া সর্বশেষ টেস্ট জিতেছিল গত জানুয়ারিতে, শ্রীলঙ্কার বিপক্ষে।
ক্লার্ক যখন আবার এক নম্বর হওয়ার স্বপ্ন দেখছেন, ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক তখন পুড়ছেন বেদনায়। প্রথম দিন কয়েকটা ক্যাচ ফেলে দেওয়া আর প্রথম ইনিংসে মাত্র ১৭২ রানই যে সর্বনাশটা করেছে, সেই জানা কথাটাই বললেন তিনি। তবে সিরিজ শেষ হয়ে গেছে মানতে একদমই রাজি নন। জানালেন দলকে গা ঝাড়া দিয়ে ওঠার আহ্বানও, ‘ড্রেসিংরুমে যারা আছে, শুধু তারাই পারে অবস্থাটা পাল্টাতে। অন্য কেউ এটা করে দেবে না। তবে ওখানে বসে পরিকল্পনা করলেই হবে না, মাঠে করে দেখাতে হবে। এটা (পরাজয়) আমাদের নারকীয় যন্ত্রণা দিচ্ছে। এখন যা করার আমাদেরই করতে হবে।’ এএফপি।
