বিনোদন ডেস্ক ॥ শিনা চৌহান কলকাতার মেয়ে শিনা চৌহান। বিপিএল দিয়ে তিনি এখন বাংলাদেশের মানুষের কাছেও পরিচিত একটি মুখ। দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মাতাচ্ছে বাংলা চলচ্চিত্র পিঁপড়াবিদ্যা। টেলিভিশন পরিচালক খ্যাত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত কমেডি ধাঁচের চলচ্চিত্র পিঁপড়াবিদ্যাতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী শিনা চৌহান। সাবেক মিস কলকাতা ও মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া শিনা চৌহান পিঁপড়াবিদ্যার সাফল্যকে দেখছেন তার চলচ্চিত্র ক্যারিয়ারে উত্থানপর্বের সূচনা হিসেবে।জার্মানির গুটেনবার্গ, নেটপ্যাক ও সিডনি চলচ্চিত্র উৎসবে টেলিভিশন চলচ্চিত্রের জন্য পুরষ্কৃত বাংলাদেশের সিনেমাজগতের ভিন্ন ধাঁচের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী রোমাঞ্চ ও নাটকীয়তার মধ্যে দিয়ে ঢাকার শহরের বিচিত্র জীবন তুলে এনেছেন পিঁপড়াবিদ্যা চলচ্চিত্রে।
পিঁপড়াবিদ্যায় অভিনয় করার আগে শিনা চৌহান মালয়ালাম চলচ্চিত্রে অভিনয় করেছিল। পিঁপড়াবিদ্যা শিনা চৌহানের প্রথম বাংলা চলচ্চিত্র। একইভাবে পিঁপড়াবিদ্যা চৌহানের দেশের বাইরেও প্রথম চলচ্চিত্র। ফারুকীর সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে খালিজ টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন শিনা চৌহান।
একজন ভারতীয় হিসেবে বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় ও বাংলা ভাষায় সংলাপ সম্পর্কে শিনা চৌহান জানান, আমি একজন বাঙ্গালী-পাঞ্চাবী। আমি বাংলা ভাষা অল্প জানি। কিন্তু বাংলাদেশের ভাষা সম্পূর্ণ ভিন্ন। যে কারণে আমাকে সংলাপ শিখতে প্রশিক্ষকের সাহায্য নিতে হয়েছে। আর বাংলা ভাষা আয়ত্ত্ব করতে আমাকে সাহায্য করেছেন পরিচালক নিজেই। আমি মনে করে, তিনি একজন যাদুকর।
বলিউডের চলচ্চিত্রে নিজেকে দেখতে চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন নয়? আমি সবসময়ই অভিনয় ভালবাসি। সেই ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন দেখে আসছি। স্কুলে আমি প্রচুর মঞ্চ নাটক করেছি। মিস কলকাতা জয়ের পরে দিল্লীতে গুরু অরভিন্দ আউরের কাছে ও পরে মুম্বাই অভিনয় স্কুলে আমি অভিনয় শিখেছি।
বলিউডের ভবিষ্যৎ ও নিজের সিদ্ধান্ত সম্পর্কে চৌহান বলেন, আমি ভাল পরিচালক, চমৎকার কাহিনী ও বড় রোলের জন্য অপেক্ষা করছি। ভাষা বা দেশ কোন বিষয় নয়। আমি বিশ্বাস করি, চলচ্চিত্র বিশ্বায়িত ও এটা সব ধরণের সীমান্ত প্রাচীরের বাধা ভেঙ্গে দেয়। যে কারণেই আজ আমি দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসতে পেরেছি।
বাংলা চলচ্চিত্রে অভিনয় ও বিপিএলে ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে চৌহান বলেন, বাংলাদেশকে সবসময়ই আমার নিজের বাড়ি মনে হয়। বাংলাদেশকে সবসময়ই আমার নিজের দেশ মনে হয়। আমি বাংলাদেশে খুবই স্বস্তিবোধ করি।
পিঁপড়াবিদ্যার মূলভাব সম্পর্কে চৌহান বলেন, আমরা জীবনকে খুব সহজে অনেক জটিল করে তুলি, আমরা কি ছিলাম ও কি করতে হবে এই সব খুবই সহজে ভুলে যাই। পিঁপড়াবিদ্যায় মোস্তফা সরয়ার ফারুকী এটাই দেখাতে চেয়েছেন।
কোন পরিচালকের সাথে কাজ করতে চান এমন প্রশ্নে ‘পত্রলেখা’ খ্যাত চৌহান বলেন, আমি সত্যিই দিবাকর ব্যানার্জীকে পছন্দ করি। আর আমার প্রিয় পরিচালক শেখর কাপুর। শেখর কাপুরের পরিচালিত ‘মি. ইন্ডিয়া টু এলিজাবেথ’ আমার খুবই পছন্দের চলচ্চিত্র। আমি স্বপ্ন দেখি তার সিনেমায় কাজ করার।
‘বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতা’ অভিনয় জীবনে কেমন ভূমিকা পালন করেছে এমন প্রশ্নে পুরোদস্তুর ব্যবসায়ী পরিবারের কন্যা শিনা চৌহান বলেন, ‘মিস ইন্ডিয়া থেকেই আমি নিজেকে ও দেশকে উপস্থাপন করা শিখেছি। আমি খুবই ভাগ্যবান কারণ, আমি সেরাদের সেরা সুস্মিতা সেনের প্রশিক্ষণ পেয়েছি। এই আত্মবিশ্বাস আমার জীবনের একটি অংশ, আমি যাই হই না কেন, সেটা ডাক্তার, আইনজীবী বা অভিনেত্রী সব জায়গাতেই এই আত্মবিশ্বাস কাজে লাগবে।
