বিনোদন ডেস্ক ॥ প্রথম ইনিংসে ৫৮ রানের পর দ্বিতীয় ইনিংসেও ৫৬ রানের ইনিংস খেলেছেন কেইন উইলিয়ামসনদুর্দান্ত বোলিং করে নিউজিল্যান্ডের পেসাররাই গড়ে দিয়েছিলেন সহজ জয়ের ভিত্তি। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস মাত্র ১০৩ রানে গুটিয়ে দেওয়ার পর জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ছিল ১২২ রান। আজ হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিনে মাত্র দুই উইকেট হারিয়ে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান কিউই ব্যাটসম্যানরা। ৮ উইকেটের এই সহজ জয়ের পর তিন ম্যাচের টেস্ট সিরিজটাও ২-০ ব্যবধানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড।
টেস্ট খেলুড়ে শীর্ষ আট দলের কোনোটির বিপক্ষে নিউজিল্যান্ড শেষ সিরিজটি জিতেছিল ২০০৬ সালে। সেবারও প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। সাত বছর পর আবার সেই ক্যারিবীয়দের হারিয়েই টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড।
১২২ রানের সহজ লক্ষ্যে পৌঁছাতে কোনো তাড়াহুড়া করেননি স্বাগতিক ব্যাটসম্যানরা। ধীরেসুস্থে খেলে বড় ব্যবধানের জয় তুলে নেওয়ার লক্ষ্যেই ব্যাটিং করে গেছেন তাঁরা। তার পরও দুটি উইকেট হারাতে হয়েছে নিউজিল্যান্ডকে। দিনের ১৩তম ওভারে ড্যারেন স্যামির শিকারে পরিণত হয়েছিলেন পিটার ফুলটন। তখন স্কোরবোর্ডে জমা হয়েছিল ৩৩ রান। দ্বিতীয় উইকেটে ৮৩ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন হামিশ রাদারফোর্ড ও কেইন উইলিয়ামসন। তাঁরাই দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারতেন। কিন্তু জয় থেকে মাত্র ৬ রান দূরে থাকার সময় পারমলের বলে বোল্ড হয়ে যান উইলিয়ামসন। তার আগে অবশ্য ৫৬ রানের চমত্কার এক ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। বাকি কাজটা সারতে আর কোনো বাধার মুখে পড়তে হয়নি রাদারফোর্ড ও রস টেলরকে। ৪৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রাদারফোর্ড।
প্রথম ইনিংসে ১৩১ রানের ইনিংসটির জন্য ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে টেলরের হাতে।
