Skip to content

অবরোধের শেষ দিনও বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা পঞ্চম দফা ৮৩ ঘন্টা অবরোধের শেষ দিন চলছে। মঙ্গলবার অবরোধের সমর্থনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির ও বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন। এসময় তারা আতঙ্ক সৃষ্টির জন্য বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের সৃষ্টি করে। সাতক্ষীরায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে নিহত হয়েছে এক জামায়াত-শিবির কর্মী।
তফসিল প্রত্যাহার ও নির্দলীয় সরকার ব্যবস্থার অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দল ৮৩ ঘন্টার এ অবরোধ কর্মসূচির ডাক দেয়। গত বৃহস্পতিবার বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন। শনিবার ভোর ৬টা থেকে শুরু হয়ে আজ মঙ্গলবার সন্ধ্যা ৫টায় অবরোধ শেষ হবে।
মঙ্গলবার ভোরে সাতক্ষীরার ঝাউডাঙ্গায় অবরোধের সমর্থনে সড়ক অবরোধ করলে জামায়াত-শিবির কর্মীদের গুলি করে যৌথবাহিনী। এসময় গুলিতে নিহত হন হাফিজুর রহমান নামে এক শিবির কর্মী। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।
এদিকে রাজধানীর মগবাজার, সূত্রাপুর, বনশ্রী, সবুজবাগ, কল্যাণপুর, মিরপুর, উত্তরায় অবরোধের সমর্থনে মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জামায়াত শিবির কর্মীরা। তবে আইনশৃংখলাবাহিনীর ব্যাপক তৎপরতার কারণে বেশিক্ষণ মিছিলগুলো স্থায়ী হয়নি। পুলিশ আসার আগেই অবরোধ সমর্থকরা পালিয়ে যায়।
রাজধানীতে গণপরিবহন চলাচল সীমিত। দূরপাল্লার কোন যানবাহন এ রিপোর্ট লেখা পর্যন্ত ছেড়ে যায়নি। আজও ট্রেন ও লঞ্চ চলাচল করছে অনিয়মিত। তবে যাত্রী একেবারই কম।
রাজধানীজুড়ে আইনশৃংখলাবাহিনী ব্যাপক সতর্ক রয়েছে। র‌্যাব, বিজিবি ও পুলিশের বিশেষ টহল টিমগুলো বেশ তৎপর। এছাড় প্রতিটি মোড়ে মোড়ে ও মহল্লায় অধিক সংখ্যক আইনশৃংলাবাহিনী মোতায়েন রয়েছে। আইনশৃংখলাবাহিনীর তৎপরতার কারণে অবরোধ সমর্থকরা রাজপথে পিকেটিংয়ে তেমন নামতে পারছে না।
এদিকে দেশের বিভিন্ন জেলায়ও অবরোধের দ্বিতীয় দিনের শুরুতে সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। চাঁদপুর, ফেনী, নড়াইল, ময়মসিংহ. রংপুর, রাজশাহী, মেহেরপুর, চট্টগ্রামসহ বেশ কয়েকটি জেলায় সড়কে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করেছে অবরোধকারীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫