বিনোদন ডেস্ক ॥ দীর্ঘ সময় ধরে মিডিয়া থেকে দূরে সরে আছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা। তবে তার এই দূরে সরে থাকা নিয়ে এরই মধ্যে বেশ রহস্য ঘনীভূত হয়েছে। কারণ, কাউকে অনেকটা না জানিয়ে হঠাৎ করেই তিনি উধাও হয়ে যান অভিনয় ও মডেলিং থেকে।
হঠাৎ করে মোনালিসার এমন প্রস্থান তার ভক্ত-দর্শক ও মিডিয়ার মাঝে নানা প্রশ্ন তৈরি করেছে। তবে এক বছরের সংসারের ভাঙনই এর অন্যতম কারণ বলে ধারণা করছেন কেউ কেউ। আবার কেউ কেউ বলছেন মোনালিসা নিজে থেকেই মিডিয়া ছেড়ে দিয়ে আমেরিকায় স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মোনালিসার পক্ষ থেকে এ বিষয়ে কোন পরিষ্কার বক্তব্য মিলেনি।
মোনালিসাকে নিয়ে তৈরি হওয়া এই রহস্যপূর্ণ নাটকীয়তার সূত্রপাতটা হয়েছিলো গত বছর। সে বছরের ১২-১২-১২ ম্যাজিকেল তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মোনালিসা। পাত্র আমেরিকা প্রবাসী বাঙালি ফাইয়াজ। শুরুতে বেশ ঢাকঢোল পিটিয়েই নিজের সেই বিয়ের ঘোষণা দিয়েছিলেন মোনালিসা। মিডিয়ার কাছে বিয়ে নিয়ে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন তিনি। সেই তারিখ অনুযায়ী বিয়েও হয় তাদের। দুই পরিবারের সম্মতিতেই আনন্দ-আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরপরই বেশ কয়েক মাসের জন্য স্বামীসহ আমেরিকা চলে যান মোনালিসা। সে সময় মিডিয়ার কাজে খানিক বিরতি দেন তিনি।
এদিকে কয়েক মাস যেতে না যেতেই মিডিয়ায় কাজ করাসহ বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় মোনালিসা-ফাইয়াজের মধ্যে। তবে বিষয়টি তখন প্রকাশ করেননি মোনালিসা। তারও মাস কয়েক পর দেশে ফিরে একাধিক বিজ্ঞাপন ও নাটকের কাজ করেন তিনি। এ কাজগুলো ফাইয়াজের অমতেই করেছিলেন বলে জানিয়েছেন মোনালিসার ঘনিষ্ঠ একটি সূত্র। তারপর থেকেই ফাইয়াজের সঙ্গে মোনালিসার দূরত্ব বাড়তে থাকে আরও।
তবে বিষয়টি ভাঙন পর্যন্ত গড়ায় চলতি বছরের মাঝামাঝি সময়ে। হঠাৎ করেই যেন বিচ্ছেদের সুর বেজে ওঠে মোনালিসা-ফাইয়াজের সংসারে। যার কারণে আরও একবার দেশে ফেরেন তিনি। এ সময় মোনালিসা তার ঘনিষ্ঠজনদের সঙ্গে বিষয়টি শেয়ার করেন। তবে ভাঙনের বিষয়টি মিডিয়ার কাছ থেকে আড়াল করে রাখার চেষ্টা করেন তিনি।
সর্বশেষ দেশে থাকা অবস্থায় বরাবরই মোনালিসার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। সে অবস্থাতেই মাসখানেক আগে আবারও মোনালিসা পাড়ি জমান আমেরিকায়। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। আমেরিকায় এক আত্মীয়ের বাসায় থাকছেন। জানা গেছে সহসাই দেশে ফিরছেন না মোনালিসা। সেখানেই স্থায়ী হওয়ার চেষ্টা করছেন তিনি। স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে কোন যোগাযোগ নেই বলেও জানিয়েছেন তার একটি ঘনিষ্ঠ সূত্র।
