স্পোর্টস ডেস্ক ॥ দেশের জন্য অসামান্য অবদানের জন্য পর্তুগীজের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আগামী সপ্তাহে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে রোনাল্ডোর হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে।
আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এবং তরুন প্রজন্মের কাছে একটি দৃঢ়তাপূর্ণ উদাহরন সৃষ্টি করার জন্য অর্ডার অব প্রিন্স হেনরি খ্যাত অর্ডেম ডো ইনফ্যান্টে ডোম হেনরিক সম্মানে ভূষিত করা হবে রোনাল্ডোকে। পর্তুগীজের রাষ্ট্রপতি আনিবাল কাভাকো সিলভার কাছ থেকে ঐতিহ্যবাহী এই সম্মান গ্রহণ করবেন তিনি। পর্তুগীজ শাসকদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত প্রিন্স হেনরির ৫০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৯৬০ সালে এই সম্মাননা দেবার রীতি প্রচলিত হয়েছিল।
রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, রোনাল্ডো সারা বিশ্বে পর্তুগালের জন্য এক প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে।
অনুষ্ঠানটি আগামী মঙ্গলবার লিসবনের অদূরে বেলেমে রাষ্ট্রপতির বাসভবনে অনুষ্ঠিত হবে।
আগামী ১৩ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে চলতি বছরের ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষনা করা হবে। ২০০৮ সালে এই পুরস্কারের অধিকারী রোনাল্ডো এবারের সংক্ষিপ্ত তালিকায় বার্সেলোনার লিয়নেল মেসি এবং বায়ার্ন মিউনিখের ফ্র্যাংক রিবেরির সাথে রয়েছেন।(বাসস/এএফপি)
