স্পোর্টস ডেস্ক॥ বিরোধী দলের হরতাল কর্মসুচীর কারণে তিনদিন বন্ধ থাকার পর বুধবার আবারও মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের আকর্ষনীয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
মৌসুমের প্রথম আসর ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএল।
মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫ টায় শুরু হবে শেখ জামাল ও ব্রাদার্স ম্যাচ। লিগে দু‘দলেরই এটি দ্বিতীয় খেলা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ৩-১ গোলে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয় পেলেও ব্রাদার্স দুর্ভগ্যজনকভাবে ঢাকা আবাহনী লিমিটেডের কাছে ০-১ গোলে হেরে যায়। ওই ম্যাচে অসাধারণ খেলেছিল এক সময়ের তারুণ্যের অহঙ্কার খ্যাত ব্রাদার্স ইউনিয়ন।
গত ২৭ ডিসেম্বর শুরু হওয়ার পর থেকে এনিয়ে দু’দফা বন্ধ করা হয়েছে বিপিএলের খেলা। অর্থাৎ বারো দিনের মধ্যে ছয়দিনেই লিগ বন্ধ ছিলো। দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে গত ২৭ ও ২৮ ডিসেম্বর লিগের প্রথম দুই ম্যাচ আয়োজনের পরই তা স্থগিত হয়ে যায়।
২৯ ডিসেম্বর বাফুফের পেশাদার লিগ কমিটি তিনদিন স্থগিত ঘোষণা করে লিগ। প্রথফ দফা স্থগিত হওয়া লিগ পুনরায় শুরু হয় গত ১ জানুয়ারি। জাতীয় নির্বাচনের দিন ৫ জানুয়ারি লিগ স্বাভাবিক বন্ধ থাকলেও সহিংশতার আশঙ্কায় পরের দুইদিনও খেলা আয়োজন করেনি বাফুফে। এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘নির্বাচন পরবর্তী সময়ে যে কোন সহিংশ ঘটানা ঘটতে পারে, তাই আমরা দ্বিতীয় দফায় তিনদিন লিগের খেলা বন্ধ রেখেছি। এর আগে অবশ্য তিনদিন স্থগিত ছিল ম্যাচের নিরাপত্তার জন্য পুলিশ না পাওয়ায়।’
