স্টাফ রিপোর্টার ॥ সংহিসতা গণতন্ত্রের ভাষা নয়- উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, ”সহিংসতা বলে কয়ে আসে না। ভোটের দিনও বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে। যারা সহিংসতা ঘটায়, তারা সন্ত্রাসী।”
বুধবার রাতে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ”সহিংসতা কোনোভাবেই মানবিক জিনিস নয়। যে নির্বাচন কর্মকর্তাদের ওপর হামলা হয়েছেম তারা কোনো দলের নয়। তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন।”
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে, মানবাধিকার কমিশনের এমন অভিযোগের বিষয়ে সিইসির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ”সেনাবাহিনী এখনো মাঠে আছে। তারা আমাদের আশ্বস্ত করেছে যে, তারা সন্ত্রীসাদের ধরার চেষ্টা করছেন। অবৈধ অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। তাই সহিংসতার কারণে স্থগিত ভোট কেন্দ্রগুলোয় আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণের আগেই এসব সহিংসতা বন্ধ হবে বলে আমরা আশা করি।”
তাড়াহুড়া করে দশম জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশ করা হলো কেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ” কোনো তাড়াহুড়া করা হয়নি। রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে ফলাফল পাওয়ার পরপরই গেজেট প্রকাশ করা হয়েছে। অতীতেও এরকমই হয়েছে।”
ভোটার উপস্থিতি কম থাকা সত্ত্বেও ৪০ শতাংশের বেশি ভোট কীভাবে পড়লো- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ”ভোটার কোনো কোনো কেন্দ্রে কম ছিল এটা ঠিক। আবার কোনো কোনো কেন্দ্র তো অনেক বেশি ছিল।”
রংপুর-৬ আসনে একটিও বাতিল ভোট পড়েনি- এটা কী করে সম্ভব হলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ”ওই আসনে সবাই খুব সতর্কভাবে ভোট দিয়েছেন।”
প্রধান বিরোধী দলসহ আরও অনেক দল অংশ না নেয়ায় ভোট কম পড়েছে উল্লেখ করে সিইসি বলেন, ”সব দল অংশ নিলে ৮০ ভাগ ভোট পড়ত।”’
তিনি বলেন, ”নানা প্রতিকূলতার মধ্যেও যে নির্বাচন করা গেছে, এটাই অনেক বড় ব্যাপার।”
