Skip to content

অনির্দিষ্টকালের অবরোধের নবম দিন : সারাদেশ থেকে বিচ্ছিন্ন ঢাকা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ষষ্ঠ দফার অনির্দিষ্টকালের অবরোধের নবম দিন চলছে। অবরোধের পাশাপাশি গতকাল বুধবার শেষ হয়েছে পাঁচদিনের টানা হরতাল। এছাড়া দেশের কোন না কোন জেলায় প্রায় প্রতিদিনই থাকছে হরতাল কর্মসূচি। হত্যা, নির্যাতন, গ্রেফতারের প্রতিবাদে স্থানীয় ১৮ দলের নেতাকর্মীরা এসব হরতাল কর্মসূচি পালন করছে। টানা অবরোধের কবলে পড়ে এবং হরতালে সারাদেশ স্থবির হয়ে পড়েছে। সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকা।
গত ১ জানুয়ারি থেকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও ৫জানুয়ারির নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল অনির্দিষ্টকালের এ অবরোধ কর্মসূচি ঘোষণা করে।
আজ বৃহস্পতিবার অবরোধের সমর্থনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির ও বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন। এসময় তারা আতঙ্ক সৃষ্টির জন্য বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের সৃষ্টি করে।
অবরোধকে ঘিরে রাজধানীজুড়ে আইনশৃংখলাবাহিনী রয়েছে ব্যাপক সতর্ক। র‌্যাব, বিজিবি ও পুলিশের বিশেষ টহল টিমগুলো বেশ তৎপর। এছাড় প্রতিটি অলি-গলি, মোড়ে ও মহল্লায় অধিক সংখ্যক আইনশৃংলাবাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া রয়েছে সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা নজরদারি। আইনশৃংখলাবাহিনীর এমন তৎপরতার কারণে অবরোধ সমর্থকরা রাজপথে পিকেটিংয়ে তেমন নামতে পারছে না।
এছাড়া বরাবরের মতো আজও বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ। তালা ঝুলছে কার্যালয়টির প্রধান ফটকে। ঘেষতে পারছে না নেতাকর্মীরা। কার্যালয়টি ঘিরে রেখেছে পুলিশ। রয়েছে পুলিশের সাঝোয়া যানও। তবে দলের চেয়ারপার্সনের বাসার সামনে থেকে তুলে নেয়া হয়েছে ব্যারিকেড ও অতিরিক্ত পুলিশ প্রহরা।
রাজধানীতে গণপরিবহন চলাচল সীমিত। দূরপাল্লার কোন যানবাহন এ রিপোর্ট লেখা পর্যন্ত ছেড়ে যায়নি। ট্রেন ও লঞ্চ চলাচল করছে অনিয়মিত। তবে যাত্রী একেবারই কম।
এদিকে রাজধানীতে আইনশৃংখলা বাহিনীর ব্যাপক তৎপরতা সত্ত্বেও তাদের চোখ ফাঁকি দিয়ে শ্যামপুর, সূত্রাপুর, মগবাজার, মুগদা, উত্তরায় অবরোধের সমর্থনে মিছিল করেছে বিএনপি ও জামায়াত শিবির কর্মীরা। তবে আইনশৃংখলাবাহিনীর ব্যাপক তৎপরতার কারণে বেশিক্ষণ মিছিলগুলো স্থায়ী হয়নি। পুলিশ আসার আগেই অবরোধ সমর্থকরা পালিয়ে যায়। এসময় কয়েকটি স্থানে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন দেয় তারা। সকাল সাড়ে ৭টা থেকে পৌনে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধের সমর্থনে ১৮ দলের এসব বিক্ষিপ্ত কিছু মিছিল ছাড়া তেমন জোড়ালো কোন তৎপরতা দেখা যায়নি।
এদিকে দেশের বিভিন্ন জেলায় অবরোধের সমর্থনে সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জ, সাভার, চাঁদপুর, ফেনী, ঝালকাঠি, নড়াইল, ময়মসিংহ. রংপুর, রাজশাহী, মেহেরপুর, চট্টগ্রাম, নাটোর, লক্ষ্মীপুর, সাতক্ষীরাসহ বেশ কয়েকটি জেলায় সড়কে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করেছে অবরোধকারীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫