Skip to content

হ্যামিল্টনে বিধ্বংসী ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক ॥ অধিনায়ক ডোয়াইন ব্রাভো ও কার্ক এডওয়ার্ডসের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে ২০৩ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে ২-২ এ ওয়ানডে সিরিজ ড্র করল ক্যারিবীয়রা। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছিল। গতকাল হ্যামিলটনে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩৬৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নিউজিল্যান্ড ২৯.৫ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১৬০ রান করতে সমর্থ হয়। এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড দলপতি ব্রেন্ডন ম্যাককালাম। ফ্ল্যাট পিচ ও ছোট মাঠে কিউইদের সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে বেশি সময় নেননি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ওপেনিং জুটিতে কাইরন পাওয়েল ও জনসন চার্লস গড়েন ৯৫ রানের জুটি। ব্যক্তিগত ৩১ রানে চার্লস আউট হলেও অর্ধশত পূর্ণ করে ৭১ রানে আউট হন পাওয়েল।

তবে দলীয় ১৪৩ রানে লেন্ডল সিমন্স ৯ রান করে আউট হলে একটু চাপে ক্যারিবীয়রা। দলের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এডওয়ার্ডস ও ব্রাভো। চতুর্থ জুটিতে দু’জনে ২১১ রান যোগ করে বড় সংগ্রহ এনে দেন ক্যারিবীয়দের। দলীয় ৩৫৪ রানের মাথায় ৮১ বলে ১০৬ রান করে আউট হন ব্রাভো। ৩ ছক্কা ও ১২ চারের সাহায্যে ওয়ানডেতে তার দ্বিতীয় শতকটি সাজান তিনি। তবে দলের পক্ষে সর্বোচ্চ ১২৩ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন পাওয়েল। ৪ ছক্কা ও ১২ চার হাঁকান বাঁ-হাতি ব্যাটসম্যান কার্ক অ্যাডওয়ার্ডস। জোড়া শতকের ওপর ভর করে ক্যারিবীয়রা ৩৬৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কিউইদের। শেষ ১০ ওভারে ওয়েস্ট ইণ্ডিজের রান ১১৩। বড় স্কোর তাড়া করতে নেমে দলীয় ২১ রানে মার্টিন গাপটিলের উইকেট হারায় নিউজিল্যান্ড। এ সময় রাইডার ও কেইন উইলিয়ামস কিউইদের আশার আলো দেখালেও ৩৭ রানের মাথায় ১৭ রান করে রাইডার আউট হলে কোণঠাসা হয়ে পড়ে নিউজিল্যান্ড। একপর্যায়ে কিউইদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৯৫ রান। সিপনার নিকিতা মিলারের দারুণ বোলিংয়ে ১৬০ রানে অল-আউট হয়ে যায় নিউজিল্যান্ড। মিলার নেন ৪ উইকেট। তবে ১ উইকেট ও শতক হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন ক্যারিবীয় দলপতি ডোয়াইন ব্রাভো। শনিবার দু’ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে অকল্যান্ডে।
সংক্ষিপ্ত স্কোর

টস: নিউজিল্যান্ড (ফিল্ডিং)

ওয়েস্ট ইন্ডিজ: ৩৬৩/৪ ওভার ৫০ (অ্যাডওয়ার্ডস ১২৩*, ব্রাভো ১০৬, চালর্স ৩১; উইলিয়ামসন ১/৩০, ম্যাককালাম ১/৬৪, অ্যান্ডারসন ১/৭৭)।

নিউজিল্যান্ড: ১৬০ ওভার ২৯.৫ (অ্যান্ডারসন ২৯, মিলস ২৬, ম্যাককালাম ১৮; মিলার ৪/৪৫, রাসেল ২/৩১, হোল্ডার ২/৩৫)।

ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ২০৩ রানে জয়ী

ম্যাচ সেরা: ডোয়াইন ব্রাভো

সিরিজ: ২-২ ড্র।

নিউজিল্যান্ডের এটি দ্বিতীয় বৃহত্তম পরাজয়।

৩৬৩ রান ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর। এর আগে সর্বোচ্চ স্কোর ছিল ৩৬০/৪। ১৯৮৭ বিশ্বকাপে করাচিতে ওই স্কোর গড়ে ভিভ রিচার্ডসের ওয়েস্ট ইন্ডিজ।

এক ক্যাচে ৮৩ হাজার ডলার

স্পোর্টস ডেস্ক: হ্যামিলটনে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে এক ক্যাচ ধরে মিলেছে ৮৩ হাজার ডলার। অনেকে ভাবছেন এক ক্যাচে এই পুরস্কার পেল কোন ক্রিকেটার! কিন্তু অবাক ব্যাপার হলো এই পুরস্কার কোন খেলোয়াড় নয়, পেয়েছেন এক নিউজিল্যান্ড সমর্থক। এক কোম্পানির প্রচারণার শর্ত অনুযায়ী মিচেল মরটন নামের এক যুবক পান এই পুরস্কার। গতকল পঞ্চম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং ব্যাটসম্যান কাইরন পাওয়েল হাঁকান দু’টি ছক্কা। এর একটি ছক্কা হলুদ টি-শার্ট পরা ওই যুবকের কাছে গেলে এক হাতে ক্যাচ ধরে ফেলেন মরটন। আর এতেই ৮৩ হাজার ডলার পেয়ে যান তিনি। পুরস্কার পেয়ে মরটন বলেন, ‘আমার কাছে এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি কখনও ক্রিকেট খেলিনি। তবে ক্যাচ ধরতে পেরে আমি খুশি’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫