স্পোর্টস ডেস্ক ॥ আজ বাংলাদেশ সময় মধ্যরাতে বিশ্বের সব ফুটবলপ্রেমীদের নজর থাকবে সুইজারল্যান্ডের রাজধানী জুরিখে। নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত হবে ২০১৩ সালের বর্ষসেরা ফুটবলারের ফিফা ব্যালন ডি’অর কার হাতে উঠছে। চূড়ান্ত তালিকায় আছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো ও বায়ার্ন মিউনিখের ফরাসি ফরোয়ার্ড ফ্র্যাঙ্ক রিবেরি। ভোটাভুটি ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছে ফিফা। গত ১৫ই নভেম্বর থেকে ২৯শে নভেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল দলের কোচ, অধিনায়ক ও বাছাই করা সাংবাদিকদের ভোট নিয়েছে ফিফা। আজ শুধু তার ফলাফলের ভিত্তিতে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করে ফিফা ব্যালন ডি’অরের ট্রফি হাতে তুলে দেয়া হবে। বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা কোচ ও বর্ষসেরা গোলের পুরস্কারও তুলে দেয়া হবে আজ। তবে সবার নজর থাকবে ব্যালন ডি’অরে।
পারফরমেন্সের বিচারে ২০১৩ সাল রোনালদোময়। ২০০৯ সালে বর্ষসেরা ফুটবলার হিসেবে ‘ফিফা ব্যালন ডি’অর নাম প্রবর্তনের পর একবারও তিনি ছুঁয়ে দেখতে পারেননি এই ট্রফি। টানা চারবার সেটা নিজের করে নিয়েছেন রোনালদোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। তবে ২০০৮ সালে রোনালদো বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। চার বছর ব্যালন ডি’অর না পাওয়া রোনালদো ২০১৩ সালে কাটিয়েছেন অপ্রতিরোধ্যরূপে। বাতাসে ভাসছে এবারের পুরস্কারটা তার হাতেই উঠছে। এ বছর ৬০ ম্যাচ খেলে ৬৯ গোল করেছেন তিনি। রিয়ালের হয়ে ৫১ ম্যাচে ৫৯ গোল আর বাকি ৯ ম্যাচে ১০ গোল করেছেন পর্তুগালের জার্সি গায়ে দিয়ে। তার দুর্দান্ত পারফরমেন্সে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল। বলা হচ্ছে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
রোনালদোর মূল প্রতিদ্বন্দ্বী মেসি ২০০৯ সাল থেকে শুরু করেছেন। এরপর একাধারে রূপকথার জন্ম দিয়ে গেছেন। বিস্ময়কর কীর্তি গড়ে জিতেছেন টানা চারবার ফিফা ব্যালন ডি’অর। ২০১৩ সালে তার পারফরমেন্স রোনালদোর চেয়ে একটু পিছিয়ে। তবে খেলেছেন দুর্দান্ত। গত বছর সব ধরনের প্রতিযোগিতামূলক ৪৬ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৪৫ বার। বার্সেলোনাকে উপহার দিয়েছেন স্প্যানিশ লা-লিগার শিরোপা। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন ২০১৪ বিশ্বকাপের টিকিট। কিন্তু বছরের শেষ প্রান্তে এসেই বাদ সাধে চোট। যে কারণে দুই মাস ছিটকে পড়েন মাঠ থেকে। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও কম যান না বায়ার্ন মিউনিখের ফরাসি তারকা ফ্র্যাঙ্ক রিবেরি। ক্যারিয়ারের গোধূলিবেলায় তাকেই যেন ইতিহাস টানছে নতুন এক ইতিহাসের সাক্ষী বানাতে। ২০১৩ সালে পাঁচটি শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লীগ, বুন্দেসলীগা, জার্মান কাপ, ইউরোপিয়ান সুপার কাপ এবং সবশেষে গত ডিসেম্বরে আরাধ্য ক্লাব বিশ্বকাপের ট্রফিটাও নিজেদের শোকেসে তুলেছে জার্মানির জায়ান্ট বায়ার্ন। আর এই সবগুলো টুর্নামেন্টেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রিবেরি। ক্লাব ইতিহাসের প্রথম কোন খেলোয়াড় হিসেবে ফিফা ব্যালন ডি’অর জেতার হাতছানি তাই রিবেরির সামনে।
ব্যালন ডিঅ’রের রাত আজ মেসি, রোনালদো নাকি রিবেরি?
আপডেট :January 13, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
