স্টাফ রিপোর্টার ॥ সাবেক প্রধান বিচারপতি ও প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমানের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার সকাল ৯টায় জাতীয় শহীদ মিনারে নেয়া হবে। সেখানে হাবিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সেখানেই তাকে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ।
শহীদ মিনার থেকে তার মরদেহ নেয়া হবে হাইকোর্ট ঈদগাহ ময়দানে। সেখানে জানাযা শেষে গুলশান আজাদ মসজিদে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এর পর বাদ আসর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
বিচারপতি হাবিবুর রহমান শনিবার রাত সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেন।
রাতের খাওয়া শেষ করে তিনি টেলিভিশন দেখে ঘুমিয়ে পড়েন। তারপর কাজের মেয়ে তার রুমে ঢুকে দেখে তিনি নিচে পড়ে আছেন। পরে পরিবারের সদস্যরা রাত ৯টা ২০ মিনিটের দিকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
