বাংলাভূমি২৪ রিপোর্ট ॥ মায়ের ভাষা বাংলায় ব্যাংক পোর্টাল চালু করে পৃথিবীতে অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের এক ভূমি উন্নয়ন ব্যাংক। এর পুরো নাম প্রগতি কো-অপারেটিভ ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। সংক্ষিপ্ত বা ডাক নাম প্রগতি ব্যাংক। পোর্টালটি থেকে বাংলা ভাষাভাষীরা নানাভাবে উপকৃত হচ্ছেন। অবশ্য অন্য ভাষাভাষীদের সুবিধার্থে এর সঙ্গে ইংলিশ ভার্সন যুক্ত রয়েছে।
উইকিপিডিয়া থেকে প্রাপ্ত তথ্য মতে, বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের অবস্থান জনসংখ্যা বিচারে এখন চতুর্থ স্থানে। প্রায় ৪০ কোটি মানুষের মাতৃভাষা বাংলা। অথচ এতদিন ধরে এ ভাষায় পৃথিবীতে কোন ব্যাংক পোর্টাল ছিল না। তাই গাজীপুরের কাপাসিয়ায় ঐ ব্যাংক প্রতিষ্ঠাকালে নতুন ধারার ব্যাংক পোর্টালের উদ্যোগ নেয়া হয়। পরে ১১.১১.১১ তারিখে, অর্থাৎ ২০১১ সালের ১১ই নভেম্বর বাংলা ভাষায় এর অফিসিয়াল ওয়েবসাইট বা ব্যাংক পোর্টাল www.progotibank.com.bd পথচলা আরম্ভ করে। এর আগে একই বছর ৪ অক্টোবর এটি নিবন্ধিত হয় জানায় বিটিসিএল। কিন্তু এ ভাষায় ব্যাংক পোর্টাল এর আগে কোথাও চলেছে এমনটা বলছেন না কেউ। গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিন খুঁজে দেখা যায়, এর যাত্রা শুরুর পূর্বে দুনিয়ার কোন ব্যাংকই বাংলা ভাষাতে অফিসিয়াল ওয়েবসাইট বা ব্যাংক পোর্টাল প্রবর্তন করেনি।
এ ধরণের মহতী উদ্যোগের মাধ্যমে বাংলা ভাষায় প্রথম ব্যাংক পোর্টালের এই বিশ্ব রেকর্ড গড়ল ব্যাংকটি। এটি মাত্র এক বছরের কম সময়ের মধ্যেই এর স্বাতন্ত্র্য, বৈশিষ্ট্য ও প্রযোজ্যতাকে বিশ্বব্যাপী সুস্পষ্ট করতে এবং সাড়া জাগাতে সমর্থ্য হয়েছে। প্রগতি ব্যাংকের এ অগ্রযাত্রার পথ ধরে পরে এদেশে ব্র্যাকসহ কিছু ব্যাংক তাদের ওয়েবসাইটে বাংলা ভার্সন যুক্ত করে। দেশীয় অন্যান্য ব্যাংকও একই প্রক্রিয়ায় যুক্ত হতে চলেছে।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও পিছিয়ে নেই। এরূপ কৃতিত্বের জন্য দেশের শীর্ষস্থানীয় এ ভূমি উন্নয়ন ব্যাংকের ভূয়সী প্রশংসা করা হয়েছে মাধ্যমগুলোতে। সামহোয়্যারইন ব্লগ, হেল্পফুল হাব, ফেইসবুক, লিঙ্কডইন, টুইটার প্রভৃতি কমিউনিটির পক্ষ থেকে একে সাধুবাদ জানানো হয়। ভাষা প্রেমিকরা বলছেন, বাংলা ভাষায় বিশ্বের প্রথম ব্যাংকপোর্টাল হিসেবে এটা এখন আর শুধু তাত্ত্বিক আলোচনার বিষয় নয়। তা যেন এক অফুরন্ত প্রেরণা ও অপরিহার্য বাস্তব তাগিদ ব্যাংক ভূবনে বাংলা ভাষার সামগ্রিক ব্যবহার নিশ্চিত করার।
